২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের স্বপ্ন নিয়ে তাজিকস্তানের সামনে বাংলাদেশ

তাজিকস্তানের বিপক্ষে লড়ার ভয় ভেঙ্গে গেছে বাংলাদেশের। বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে গত ৮ অক্টোবর ঢাকার মাঠে ড্র ম্যাচই রোববারের ফিরতি ম্যাচে তাদের সাহস যোগাচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়রা মুখে আগের মতো লড়াইয়ের কথা বলে গেলেও জয়ের স্বপ্ন উঁকি মারছে গোপনে। দুসাম্বেতে তাজিকস্তানকে হারানো মানেই অভাবনীয় এক ব্যাপার। তা করতে পারলে বাংলাদেশ উঠে যাবে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তাজিকস্তানের বিপক্ষে লড়ার ভয় ভেঙ্গে গেছে বাংলাদেশের। বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে গত ৮ অক্টোবর ঢাকার মাঠে ড্র ম্যাচই রোববারের ফিরতি ম্যাচে তাদের সাহস যোগাচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়রা মুখে আগের মতো লড়াইয়ের কথা বলে গেলেও জয়ের স্বপ্ন উঁকি মারছে গোপনে। দুসাম্বেতে তাজিকস্তানকে হারানো মানেই অভাবনীয় এক ব্যাপার। তা করতে পারলে বাংলাদেশ উঠে যাবে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাজিকস্তান এমনিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। গত বছর তাদের কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। এসব নেতিবাচক তথ্যকে পেছনে ঠেলে দিয়েছে ৮ অক্টোবরের বাংলাদেশ-তাজিকস্তানের ড্র ম্যাচটি। যে ম্যাচে লাল-সবুজরা আধিপত্য করেছে, এমনকি জেতার মতো অবস্থায়ও ছিল। ঠিক সেই ম্যাচের মতোই খেলতে চায় নাঈমুদ্দিনের তত্ত্বাবধানে গড়ে ওঠা দলটি। বাংলাদেশের এই ভারতীয় কোচ ঢাকা ছাড়ার সময় জানিয়েছেন, "ডিফেন্সিভ খেলার কোনো সুযোগ নেই। ড্র করার জন্য ডিফেন্সিভ হলে হিতে বিপরীত হতে পারে। আমি চাই, সবাই ওপরে-নিচে ওঠা-নামা করে খেলবে।" কোচের চাওয়া অনুযায়ী খেলার মতো ক্ষমতা বাংলাদেশের খেলোয়াড়দের আছে, সেটা ঘরের মাঠেই বুঝিয়ে দিয়েছে তারা। দুসাম্বেতেও যদি তারা ফিটনেসের তুঙ্গে থাকার প্রমাণ দিতে পারে তাহলে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রোববার আগের ম্যাচের একাদশ নামানোটা মোটামুটি নিশ্চিত। শুধু খেলতে অস্বীকৃতি জানানো ডিফেন্ডার নজরুলের জায়গা নেবেন শুভ্র কিংবা মাহমুদুল হাসান। একটাই সমস্যা, তাজিকস্তানের রাজধানী দুসাম্বেতে কাদা-মাঠ পাওয়া যাবে না। সেখানে তাজিকস্তান রুদ্ররূপ ধারণ করলে মুশকিলে পড়বে বাংলাদেশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০৫ঘ.