২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল ফ্রেন্ডশিপ কাপ ফুটবল

কলকাতা মোহনবাগান ও ইস্টবেঙ্গল না করে দেওয়ায় পাল্টে গেছে ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের সূচী। নতুন সুচী অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে বাফুফের বিরোধীপক্ষের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কলকাতা মোহনবাগান ও ইস্টবেঙ্গল না করে দেওয়ায় পাল্টে গেছে ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের সূচী। নতুন সুচী অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে বাফুফের বিরোধীপক্ষের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। দেশের ফুটবলের পসার ও উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির ভূমিকা তেমন ইতিবাচক কিছু নয়। নিজেদের ব্যর্থতা ও ক্রমহ্রাসমান কার্যকারিতার পরও বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাফুফের পদ আঁকড়ে বসে আছে। এবং বৈধতার জন্য তারা ফিফা থেকে অতিরিক্ত এক বছর থাকার অনুমোদনও নিয়ে এসেছে। দেশের ফুটবলের প্রতি তাদের বিরাগ দেখে বাফুফের বাইরে দাঁড়িয়ে গেছে সংগঠকদের একটি বিরোধী পক্ষ। তারাই উদ্যোগী হয়ে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশে কিছুটা হলেও ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনতে চায়। তারই ফল এই ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট, যা ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পরিবর্তিত সূচী অনুযায়ী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হবে। সূচী পরিবর্তনের কারণ কলকাতা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অপারগতা প্রকাশ। আয়োজকদের নেতা সাবেক তারকা ফুটবলার বাদল রায় জানিয়েছেন, "গতকাল (শুক্রবার) মোহনবাগান ও ইস্টবেঙ্গল জানিয়েছে, ভারতে জাতীয় লিগ শুরু হচ্ছে বলে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না। তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই ১৪-২৪ নভেম্বর সূচী করেছিলাম। কিন্তু এর মধ্যেও জাতীয় লিগে তাদের খেলা পড়ে যাওয়ায় কলকাতার দল দুটো আসতে পারছে না।" তাড়াহুড়ো করেও যখন তাদের পাওয়া যাচ্ছে না তখন কিছুদিন পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। যেন ঢাকা আবাহনী ভারতে গিয়ে বরদোলুই ট্রফি খেলে আসতে পারে। ফ্রেন্ডশিপ কাপে এ পর্যন্ত চারটি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে --ঢাকা আবাহনী ও মোহামেডান, কলকাতা মোহামেডান এবং নেপালের এনআরটি। পঞ্চম দলের খোঁজ করছেন আয়োজকরা। বাদল রায় জানিয়েছেন, "মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশ থেকে আরেকটা দল আনার চেষ্টা করছি ।" অবশ্য ইতিমধ্যেই বাফুফেতে বিতর্ক শুরু হয়ে গেছে এই টুর্নামেন্ট নিয়ে। ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়ায় বাফুফের ১০ জন সদস্য পদত্যাগের হুমকি দিয়েছেন বাফুফে সভাপতিকে। এ ব্যাপারে বাদল রায়ের মন্তব্য, "এটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে। তার যে খেলাধূলা চায় না তার একটা প্রমাণ হয়ে গেল। আমার মনে হয় নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার জন্য তারা অন্যদেরও কিছু করতে দিতে চায় না।" অন্যরা বলতে বাফুফের বর্তমান কমিটির বিরোধীপক্ষ যেখানে দেশের ফুটবল অঙ্গনের বড় বড় ব্যক্তিত্বরা আছেন বলে দাবি করেছেন বাদল রায়। এখনো টুর্নামেন্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তিনিই যে সম্পাদক হতে যাচ্ছেন তা প্রায় নিশ্চিত। তবে এই ফ্রেন্ডশিপ কাপের কমিটির প্রধান উপদেষ্টার পদে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। উপদেষ্টা হিসেবে থাকবেন কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন, গোলাম সারোয়ার টিপু ও জাকারিয়া পিন্টু। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কর্ণেল (অব.) কাজী শাহেদ আহমেদ। কো-চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া ও মনির আহমেদকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০০ঘ.