জুরিখ, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ জয়ের পুরস্কার সঙ্গে সঙ্গেই পেয়ে গেল আর্জেন্টিনা। ইতালিকে হটিয়ে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফেব্র"য়ারির পর আবার ফিফা র্যাংকিংয়ের শীর্ষে। তাদের ঠিক পরেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান। সেপ্টেম্বর মাসে শীর্ষে থাকা ইতালি এখন তিন নম্বরে।
গত সপ্তাহে প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলা এবং ঘরের মাঠে চিলির বিপক্ষে দুটো ম্যাচেই ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে থাকার পাশাপাশি ঐ দুটো জয়ে র্যাংকিংয়ে মূল্যবান ৮২ পয়েন্ট যোগ করে নিয়েছে তারা। সুবাদে ১৫৩৩ পয়েন্ট নিয়ে ম্যারাডোনার দেশই অক্টোবর মাসের ফিফা র্যাংকিংয়ে সবার ওপরে। কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ও ইকুয়েডরকে ৫-০ গোলে হারানো ব্রাজিল ১৫ পয়েন্ট পেয়েছে। ১৪৫৯ পয়েন্ট নিয়ে তাই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থানে।
অন্যদিকে দুটো জয় পেয়েও কোনো লাভ হয়নি ইতালির। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার মতোই ২-০ গোলে জিতেছে জর্জিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জর্জিয়া র্যাংকিংয়ের নিচের দিকে থাকায় এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রীতি ম্যাচ হওয়ায় ইতালি হারিয়েছে ১০১ পয়েন্ট! আর সেজন্য শীর্ষস্থান হারিয়ে তাদের অবস্থান তৃতীয়। চতুর্থ থেকে দশম স্থানে আছে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়া।
বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে তাজিকস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশের লাভ হয়েছে ভালই। তিন ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৭২ নম্বরে। সার্ক অঞ্চলের বাকি দেশগুলোর মধ্যে ভারতের ১৪৫, শ্রীলঙ্কার ১৬৯, মালদ্বীপের ১৭৪, পাকিস্তানের ১৮১, নেপালের ১৮৬, আফগানিস্তানের ১৯০ ও ভুটানের অবস্থান ১৯৭।
ফিফা র্যাংকিংয়ের সেরা দশ
বর্তমান র্যাংকিং আগের র্যাংকিং দল পয়েন্ট
১ ২ আর্জেন্টিনা ১৫৩৩
২ ৩ ব্রাজিল ১৪৫৯
৩ ১ ইতালি ১৩৮৭
৪ ৬ ফ্রান্স ১২৭১
৫ ৪ জার্মানি ১২৪৫
৬ ৭ স্পেন ১২২৬
৭ ৫ নেদারল্যান্ডস ১২০৭
৮ ৮ পর্তুগাল ১২০৩
৯ ১১ চেক প্রজাতন্ত্র ১১৭৪
১০ ১০ ক্রোয়েশিয়া ১১৫৫
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24