ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থ বছরে দুঃস্থ ক্রীড়াবিদদের এগারো লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট। প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ১১০ জনকে দেয়া হবে এককালীন এ অনুদান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্টের এক সভা শেষে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পর আরো জানানো হয়, অনুদান দেয়ার ক্ষেত্রে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হবে। প্রতিটি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সর্বোচ্চ তিনটি দরখাস্ত চাওয়া হবে। পরে সব জেলার দুঃস্থ ক্রীড়াবিদদের মাঝখান থেকে বেছে নেয়া হবে ১১০ জনকে।
সভায় ট্রাস্টের কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড চালু করার লক্ষ্যে দু'লাখ টাকা দেয়ারও সিদ্ধান্ত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. গোলাম মোস্তাফা তালুকদার, যুগ্মসচিব মো. মুশফিকুর রহমান, ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্টের সদস্য সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, কাজী সালাহউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম, ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা এবং জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/১৬০৫ ঘ.
bdnews24