২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে না ফেরার সিদ্ধান্তে অটল নজরুল

খুব সম্ভবত তাজিকস্তানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার নজরুলকে পাচ্ছে না বাংলাদেশ। কারণ কোচ নাঈমুদ্দিন ফোন করে তাকে ক্যাম্পে যোগ দেয়ার অনুরোধ করলেও মত বদলাচ্ছেন না নজরুল। বরং বলছেন, পরবর্তী কোনো ম্যাচ বা টুর্নামেন্টের সময় যদি দলে ডাকা হয় তাহলে দলে ফেরার কথা বিবেচনা করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুব সম্ভবত তাজিকস্তানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার নজরুলকে পাচ্ছে না বাংলাদেশ। কারণ কোচ নাঈমুদ্দিন ফোন করে তাকে ক্যাম্পে যোগ দেয়ার অনুরোধ করলেও মত বদলাচ্ছেন না নজরুল। বরং বলছেন, পরবর্তী কোনো ম্যাচ বা টুর্নামেন্টের সময় যদি দলে ডাকা হয় তাহলে দলে ফেরার কথা বিবেচনা করবেন তিনি। ''আমি ক্যাম্পে যোগ দেয়ার কথা ভাবছি না এখনও। তবে পরবর্তী সময় যদি দলে ডাকা হয় তাহলে আমি দলে ফেরার কথা বিবেচনা করব''- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এভাবেই নিজের অবস্থান জানিয়েছেন নেহেরু কাপে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেয়া নজরুল। হঠাৎ নজরুলের এমন বিরাগের কারণ কী? নজরুল বলছেন ব্যক্তিগত কারণ, বৃহস্পতিবার অসুস্থ স্ত্রীকে সময় দেয়ার প্রসঙ্গও টেনে আনলেন। কিন্তু বাংলাদেশ ক্যাম্পের ভেতরের সূত্র থেকে জানা গেছে কোচ সৈয়দ নাঈমুদ্দিনের প্রতি ক্ষোভ থেকেই তার এই সরে দাঁড়ানো। কোচ নাঈমুদ্দিন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ নজরুল। কিন্তু নাঈমুদ্দিন নিজে এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এমনিতেই খেলোয়াড়দের সঙ্গে কম কথা বলেন তিনি। তবু তিনি বললে নজরুল দলে ফিরতে পারেন এটা শোনার পর কোচ ফোনও করেছিলেন তাকে,''আমি তার সঙ্গে বুধবার রাতে প্রায় ২৭ মিনিট কথা বলেছি এবং অনুরোধ করেছি ক্যাম্পে ফেরার জন্য। আমি তাকে বলেছি যে কোনো বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার বদলে বরং আমার সঙ্গে কথা বলতে।'' কিন্তু তারপরও মত বদলাননি নজরুল। এবারের ক্যাম্পে না ফেরার সিদ্ধান্তে এই ডিফেন্ডার এখনও অটল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০৫০ঘ.