বুয়েনস এইরেস, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্যারিয়ারের প্রায় শুরু থেকে তিনি ফুটবলপ্রেমীদের আলোচনায়। দু বছর আগে আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন। তার পর থেকে অজস্র গোল করে এবং করিয়ে আর্জেন্টিনা ও বার্সেলোনার অনেকগুলো ম্যাচের জয়ের নায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন মিডিয়া তাকে 'নতুন ম্যারাডোনা'র বিশেষণে ভূষিত করতেও দেরি করেনি। স্বয়ং ডিয়েগো ম্যারাডোনাও তার খেলার এক জন গুণমুগ্ধ ভক্ত, মেসির মধ্যে নিজের ছায়া খুঁজে পান আর্জেন্টিনার 'ফুটবল-ঈশ্বর'। কিন্তু অন্যদের বিশেষ করে ম্যারাডোনার সঙ্গে তুলনায় মেসি এখন রীতিমতো ক্লান্ত। সেই ক্লান্তি থেকেই অন্য কারো সঙ্গে তুলনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুধু ম্যারাডোনা একা নন, আরো কয়েক জন সাবেক গ্রেটও মেসির খেলা দেখে অভিভূত। কয়েক দিন আগে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন পেলে ও ম্যারাডোনার মতো এক জন বড় তারকা হওয়ার সব ধরণের সম্ভাবনাই আছে ম্যারাডোনার। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি দুর্দান্ত গোল উপহার দেয়ার পর মেসি-বন্দনার জোয়ারটা স্ফীত হয়েছে আরো। ম্যারাডোনার সঙ্গে তুলনাটার বেলুনটাও বড় হচ্ছে আরো। এত দিন এ নিয়ে বড় ধরণের প্রতিক্রিয়া না জানালেও এবার আর চুপ থাকতে রাজি নন ২০ বছর বয়সী মেসি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'স্পোর্ট'-এর সঙ্গে কথা বলার সময় বিরক্তির সুরে বলেছেন, "তুলনা করা একটা অবান্তর ব্যাপার। আমি শুধু আমার নিজের খেলা নিয়েই চিন্তা করি। (ডিয়েগো) ম্যারাডোনা সব সময়ই আমাকে ভাল উপদেশ দেন। কিন্তু তাকে অনুকরণ করার কোনো ইচ্ছা নেই আমার।"
অন্যদের দোষ দিয়ে অবশ্য লাভ নেই। স্বয়ং ম্যারাডোনাই তো সব সময় মেসির প্রশংসায় পঞ্চমুখ! কয়েক মাস আগে তিনি বলেছিলেন, "মেসির কোনো তুলনা নেই। এক জন গ্রেট আর্জেন্টাইন ফুটবলার হওয়ার যা যা দরকার তার সবই আছে তার মধ্যে। দৌড়ানোর সময় সে বলের দিকে এক চোখ রাখে। অন্য চোখটা থাকে ভবিষ্যতের দিকে। এটা সত্যিই অসাধারণ ব্যাপার।"
গোল ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24