ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঈদের ছুটি কাটিয়ে বিকেএসপিতে ফিরে গেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের জন্য প্রথমে যে ৩০ জনকে ক্যাম্পে ডাকা হয়েছিল তাদের নিয়েই হবে দ্বিতীয় দফা ক্যাম্প। সেখানকার প্র্যাকটিসের ভিত্তিতে তাজিকস্তানের বিপক্ষে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। যারা আগামী ২৮ অক্টোবর তাজিকস্তানে যাবে অ্যাওয়ে ম্যাচ খেলতে।
গত ৮ অক্টোবর হোম ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র করেছে তাজিকস্তানের সঙ্গে। এক বছর আগে তাদের কাছে ৬-১ গোলে হেরেছিল বলেই বাংলাদেশের এই ড্র-কে বেশ ভাল ফলই মনে করছেন বাফুফে কর্তারা। ফুটবলাররাও তাদের প্রতিশ্র"তি পূরণ করেছেন পুরো ৯০ মিনিট লড়াই করে। অনেকদিন পর বাংলাদেশ দলকে কাদামাঠে পুরো ম্যাচ সমানতালে খেলতে দেখেছে বলে অনেকের ধারণা। সুবাদে বাংলাদেশের কোচ সৈয়দ নাঈমুদ্দিনের মনেও বিশ্বাস সঞ্চার হয়েছে, "তাজিকস্তান এমন কোনো আহামারী দল নয়। বাংলাদেশের ফুটবলাররাও সেটা বুঝে গেছে। ঢাকায় যেরকম খেলেছে তাজিকস্তানেও সেরকম একটি ভাল ম্যাচ খেলার জন্য তারা তৈরি হচ্ছে।"
তবে বুধবার কোচ সবাইকে পাননি প্র্যাকটিস ক্যাম্পে। বিকেএসপিতে গেছেন মাত্র ১৬ জন ফুটবলার। কোচের আশা করছেন দু-একদিনের মধ্যে সবাইকে পেয়ে যাবেন, "সময় তো কম, তাই কয়েকদিন প্র্যাকটিস করে আমি ম্যাচ খেলাতে চাই। কয়েকটি ম্যাচ খেললে এই দলের ধার আরো বেড়ে যাবে।" কিন্তু প্র্যাকটিস ম্যাচের সুযোগ আদৌ পাওয়া যাবে কিনা তিনি জানেন না। কারণ বাফুফে সভাপতি এস এ সুলতান বিদেশী দল এনে প্র্যাকটিস ম্যাচ আয়োজনের অপারগতার কথা আগেই বলে রেখেছেন। সেক্ষেত্রে ঢাকা একাদশের মতো কোনো দলের বিপক্ষে কিংবা ক্যাম্পের ফুটবলারদের দু-ভাগ করে ম্যাচ খেলানোটাকেই প্র্যাকটিস-ম্যাচ হিসেবে নিতে হবে !
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24