২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই ব্রাজিলের হোঁচট

কাকা-রোনালদিনিয়োর ব্রাজিল ছন্দহীন ! কোপা আমেরিকা জয়ী তরুণ দলের সঙ্গে মহাতারকারা যোগ যোগ দিলেও লাতিন আমেরিকান ফুটবল সৌন্দর্য খোলেনি ব্রাজিলিয়ানদের পায়ে। তাই রোববার কলম্বিয়ার বিপক্ষে কোনো রকমে গোল শূন্য ড্র-এর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাইপর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বোগোটা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাকা-রোনালদিনিয়োর ব্রাজিল ছন্দহীন ! কোপা আমেরিকা জয়ী তরুণ দলের সঙ্গে মহাতারকারা যোগ যোগ দিলেও লাতিন আমেরিকান ফুটবল সৌন্দর্য খোলেনি ব্রাজিলিয়ানদের পায়ে। তাই রোববার কলম্বিয়ার বিপক্ষে কোনো রকমে গোল শূন্য ড্র-এর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাইপর্ব। এক পয়েন্ট যে পেয়েছে, সেটাই তাদের ভাগ্য বলতে হবে। সমুদ্রপৃষ্ঠের ২৬০০ মিটার ওপরে খেলতে নেমে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি ব্রাজিলিয়ানরা। প্রভাবক হিসেবে পিচ্ছিল মাঠের দায়ও কিন্তু কম নয়। প্রচন্ড বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হয়েছে ম্যাচ। যে ম্যাচে আধিপত্য করেছে স্বাগতিক কলম্বিয়া এবং অনেক সুযোগ পেয়েও তারা গোল করতে ব্যর্থ হয়েছে। সেই সুযোগে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে ব্রাজিলিয়ানদের তো খুশি হওয়ারই কথা! ঠিক এভাবেই ২০০২ বিশ্বকাপের বাছাই পর্ব তারা শুরু করেছিল এই বোগোটা থেকে। তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়তে পারতো ব্রাজিল। ফ্রি-কিক থেকে গড়া চমৎকার আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হলেও ব্যর্থ হয়েছেন কলম্বিয়ার ফ্যালকাও গার্সিয়া। এরপর গোলরক্ষক জুলিও সিজার দু-দুটো দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে বাঁচিয়েছেন। তার দলের অবস্থা এতই করুণ ছিল যে তিনি শুরু থেকেই সময় নষ্ট করতে শুরু করেছিলেন। যে কারণে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করা হয় জুলিও সিজারকে। প্রথমার্ধে ব্রাজিল গোল করার মতো সুযোগ পেয়েছিল একবারই। খুব দুরূহ কোণ থেকে নেওয়া রোনালদিনিয়োর শটটি সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক অগাস্টিন জুলিও। আরো একটি দুর্দান্ত সেভ আছে তার। প্রায় ২৫ মিটার দূর থেকে মিনেইরোর শট ঠেকিয়ে দিয়ে স্বাগতিকদের বাঁচিয়েছেন তিনি। পুরো ম্যাচে বলার মতো এ দুটোই আক্রমণ ব্রাজিলের। বাকি সবটাই কলম্বিয়ার আধিপত্যের গল্প। দ্বিতীয়ার্ধেও তারা সুযোগ তৈরি করে কখনো জুলিও সিজারের কাছে পরাস্ত হয়েছে কখনো-বা নিজেদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। সেজন্য ব্রাজিলের কোচ কার্লোস ডুুঙ্গা পর্যন্ত কলম্বিয়ানদের প্রশংসায় পঞ্চমুখ, "ব্রাজিলের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা ধরে রাখতে পারলে কলম্বিয়া অবশ্যই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে। দু-প্রান্ত দিয়ে দ্রুতগতিতে চমৎকারভাবে আক্রমণে উঠেছে তারা।" নিজেদের ব্যর্থতার জন্য অবশ্য কোনো অজুহাত দাঁড় করাননি ডুঙ্গা। ব্রাজিলের গোল করার সামর্থ্য ছিল না এটা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, "ভেজা মাঠে দ্বিতীয়ার্ধে আমরা একেবারে ছন্দহীন হয়ে পড়ি। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই এই ফল মেনে নেওয়াই যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৫৫ঘ.