২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকুয়েলমের জোড়া গোলে আর্জেন্টিনার শুভসূচনা

চলতি মৌসুমে ভিলারিয়ালের অতিরিক্ত খেলোয়াড়দের বেঞ্চে কাটানো রিকুয়েলমে জ্বলে উঠে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। পায়ের জাদু ফুরিয়ে গেছে এমন ধারনা থেকে স্প্যানিশ লিগে এ মৌসুমে তাকে একটি ম্যাচও খেলাননি ভিলারিয়াল কোচ। অথচ এই প্লেমেকারের জোড়া গোলেই শনিবার চিলিকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বুয়েনস আইরেস, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চলতি মৌসুমে ভিলারিয়ালের অতিরিক্ত খেলোয়াড়দের বেঞ্চে কাটানো রিকুয়েলমে জ্বলে উঠে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। পায়ের জাদু ফুরিয়ে গেছে এমন ধারনা থেকে স্প্যানিশ লিগে এ মৌসুমে তাকে একটি ম্যাচও খেলাননি ভিলারিয়াল কোচ। অথচ এই প্লেমেকারের জোড়া গোলেই শনিবার চিলিকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের অন্য তিন ম্যাচে উরুগুয়ে ৫-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে, ভেনেজুয়েলা ১-০ গোলে ইকুয়েডরকে আর পেরু গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। শুরুতে আর্জেন্টিনার খেলায় তেমন গতি ছিল না। গতি আসে ২৭ মিনিটে হুয়ান রিকুয়েলমের গোলে। তার ডান পায়ের ফ্রি-কিকটি চিলি গোলরক্ষক ক্লডিও ব্রাভোকে বোকা বানিয়ে জালে আশ্রয় নিলে দুর্বার হয়ে ওঠে আর্জেন্টিনা। শুরু হয় আর্জেন্টিনার ট্রেডমার্ক দ্রুতগতিতে পাস খেলে আক্রমণে ওঠা। এবং রিকুয়েলমের নেতৃত্বে মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠা করেন রড্রিগুয়েজ-ক্যাম্বিয়াসোরা। কোনো আক্রমণের সুন্দর সমাপ্তি না ঘটলেও রিকুয়েলমেই ৪৫ মিনিটে দ্বিতীয় গোল উপহার দেন দলকে। সেটাও ফ্রিকিকে। অনেক দূর থেকে নেওয়া তার বাঁক খাওয়ানো শটে বলের জালে জড়ানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না চিলিয়ান গোলরক্ষকের। দুই গোলে পিছিয়ে পড়া চিলিকে দ্বিতীয়ার্ধে আবার চেপে ধরে আর্জেন্টিনা। চিলিও ভারসাম্য হারিয়ে ফেলে ৫৫ মিনিটে লালকার্ড দেখে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান আলভারেজ মাঠ ছেড়ে যেতে বাধ্য হওয়ায়। এই সুযোগে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন লিয়নেল মেসি। অবশ্য মাঝমাঠ ও ডান প্রান্ত দিয়ে বার্সেলোনা সুপারস্টার বেশ কয়েকবার চিলির রক্ষনভাগে হানা দিলেও গোল আদায় করতে পারেননি। তবে এশবার গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কার্লোস তেভেজ। একেবারে একক প্রচেষ্টায় আর্জেন্টাইন স্ট্রাইকার চিলির ডিফেন্স তছনছ করে গোলমুখ খুলেও বল বাইরে পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে। তৃতীয় গোল আদায়ে মরিয়া হয়েই বোধহয় আর্জেন্টাইন কোচ বদলি হিসেবে মাঠে নামান সের্গেই অ্যাগুয়েরা ও স্যাভিওলাকে। সুযোগ পেয়ে স্প্যানিশ লিগের এই দুই স্ট্রাইকারও প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন। তাতে গোল না এলেও আক্রমনের ধার দেখিয়ে বাসিলেকে বোধহয় কিছুটা সন্তুষ্ট করতে পেরেছেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৯৩২ ঘ.