বোগোটা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত দুবারের ধারাবাহিকতায় এবারো ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে কলম্বিয়া থেকে। এখান থেকে আগের দুবারই শুভ সূচনা হয়েছিল ব্রাজিলের। তাই ড্রাগ ও অপরাধের স্বর্গরাজ্য হলেও কলম্বিয়াই হয়ে গেছে ব্রাজিলের জন্য পয়মন্ত এক দেশ। রোববার কলম্বিয়ার রাজধানী বোগোটায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ফেভারিট হিসেবেই মাঠে নামছে স্বাগতিকদের বিপক্ষে।
ম্যাচের ভেন্যু বোগোটা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৬০০ মিটার ওপরে। তাতে দমের সমস্যা হয়, স্বাভাবিক খেলা ব্যহত হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু ওই যে পয়মন্ত জায়াগা, তাই সেটাকে হয়তো খুব একটা আমলে নিচ্ছেন না ব্রাজিলিয়ান কোচ কার্লোস ডুঙ্গা। তার ভাবনাটা তাই ইতিবাচক, "আমরা সবাই ভাবতে চাই ব্রাজিল একটা ভাল ম্যাচ খেলবে এবং আমাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবে।"
গত জুলাইয়ে খন্ডিত শক্তির দল নিয়েও ব্রাজিল কোপা আমেরিকা জিতেছিল। সেই দলের সঙ্গে রোনালদিনিয়ো, কাকা ও লুসিও যোগ হওয়ায় অনেক শক্তিশালী ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল। রবিনিয়োর গোড়ালিতে সামান্য সমস্যা হলেও ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যার অর্থ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ডুঙ্গার দল।
অন্যদিকে কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্সের ক্ষত এখনো শুকোয়নি কলম্বিয়ার। তারা প্যারাগুয়ের কাছে ৫-০ গোলে এবং আর্জেন্টিনার কাছে ৪-০ গোলে হেরে কোপার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। তার ওপরে কলম্বিয়া দলে এখন বিদ্রোহের সুর। গত সপ্তাহে ইন্টার মিলান ডিফেন্ডার ইভান রোমিরো ঘোষণা দিয়েছেন কোচ লুই পিন্টোর অধীনে তিনি দেশের হয়ে আর খেলবেন না। কলম্বিয়ান কোচ তিন মাস আগে শেষ হওয়া কোপার দলের মাত্র ৯ জনকে রেখেছেন বিশ্বকাপ বাছাইপর্বের দলে।
স্বাগতিকদের এই দুরবস্থার পাশাপাশি বিপদ সংকেত হয়ে আছে পরিসংখ্যান। বোগোটায় ২০০২ বিশ্বকাপের বাছাইপর্ব তারা শুরু করেছিল ব্রাজিলের সঙ্গেই গোলশূন্য ড্র করে। একই প্রতিপক্ষের কাছে ২-১ গোলে হেরে ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বের সূচনা হয়েছিল কলম্বিয়ানদের। মানে পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে। যারা গত ১৮ টি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল। যাদের সঙ্গে আছে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ডও।
অর্থাৎ ফেভারিট হিসেবেই ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে নামছে কলম্বিয়ায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯২৫ঘ.
bdnews24