ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কোচ যোবায়ের নিপু চান অন্তত দুটো ম্যাচ জিততে। যদিও অধিনায়ক নাঈমুর রহমান শাহেদের স্বপ্নটা একটু বড়-- দ্বিতীয় রাউন্ডে ওঠা। ছোটদের স্বপ্ন থাকবেই, কিন্তু প্রতিপক্ষ দলগুলোর দিকে চোখ রাখলে স্বপ্ন সীমায়িত হয়ে যায় দুটো ম্যাচে। বলা যায় দুটো ম্যাচ জয়ের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১৫ অক্টোবর আবুধাবি যাবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব খেলতে।
আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের "ডি" গ্র"পের খেলা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ প্যালেস্টাইন, আরব আমিরাত, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকস্তান। এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হচ্ছে আগামী বছর অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এশীয় অঞ্চলের বাছাইপর্ব। বিশ্বকাপের আশা গুড়েবালি, তবে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের কোচ যোবায়ের নিপুর প্রত্যাশা, "আমার বিশ্বাস অন্তত দুটো ম্যাচ জিতবো, প্যালেস্টাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে।"
তার বিশ্বাসের মূলে আছে নিবিড় প্রশিক্ষণ, "ফুটবলাররা ৮০ দিন একসঙ্গে প্র্যাকটিস করেছে। তারা ভাল কিছু করার জন্য প্রত্যয়ী।" কিন্তু বরাবরের মতো প্র্যাকটিস ম্যাচের অভাবের অক্ষেপ কোচের গলায়, "কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে দলের অবস্থাটা আরো ভাল হতো। সেজন্য ভারতের টাটা একাডেমিতে যাবারও কথা ছিল, কিন্তু শেষপর্যন্ত হয়নি।"
কয়েকদিন আগে বাংলাদেশ সিনিয়র দলের কোচ সৈয়দ নাঈমুদ্দিনও প্র্যাকটিস ম্যাচের জন্য হা-হুতাশ করেছিলেন। কিন্তু বাফুফে সভাপতি এস এ সুলতানের অজুহাত, "প্র্যাকটিস ম্যাচে সমস্যা হচ্ছে বয়সভিত্তিক দলগুলোর কাছাকাছি মানের দল পাওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সংকট, এটা কাটানো না গেলে দলকে প্র্যাকটিস ম্যাচের জন্য দেশের বাইরে পাঠানো কিংবা কোনো দল আনা সম্ভব হবে না।"
তারপরও দলের অধিনায়ক নাঈমুর রহমান শাহেদ দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন দেখছেন, "প্রায় তিন মাস আমরা একসঙ্গে কঠোর অনুশীলন করেছি। আমার আশা আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবো।" এই ডিফেন্ডারের দাবি অনুযায়ী দলের শক্তিশালী জায়গা হচ্ছে অট্যাকিং লাইন। আর ২০ সদস্যের এই দলের অভিজ্ঞতা হচ্ছে, ১৬ জন এর আগে এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবে খেলেছেন।
বাংলাদেশ দল : নুরুল করিম, রফিকুল ইসলাম রানা, সহিদুল আলম, সাইদুর রহমান সুজন, মামুন হোসেন, আমজাদ হোসেন, রাশেদ খান মিলন, নাঈমুর রহমান শাহেদ, আরিফুল হক সৈকত, সাইফুদ্দিন, সালাউদ্দিন আহমেদ নাদিম, সাদ্দাম হোসেন, জামাল হোসেন, মোহাম্মদ সোহাগ, হাবিবুর রহমান, মোহাম্মদ সোহেল, মামুনুর রশীদ, ইমরান হোসেন, জুয়েল হোসেন ও শাকিল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24