২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকুয়েলমেকে দলে নেয়ার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেন বাসিল

ভিলারিয়াল কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির সঙ্গে বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছে তার। এ মৌসুমে ক্লাবের হয়ে হুয়ান রোমান রিকুয়েলমে তাই একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। তবু বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে এই মিডফিল্ডারকে রেখেছেন আর্জেন্টিনার কোচ আলফিও বাসিলে। সেই সিদ্ধান্তে বিস্মিত অনেকেই, কিন্তু বাসিলের বিশ্বাস এখনো জাতীয় দলকে দেয়ার মতো অনেক কিছু আছে রিকুয়েলমের। আর তাই নিজের সিদ্ধান্তটাকে বিতর্কিত সিদ্ধান্ত মানতে নারাজ আর্জেন্টাইন কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বুয়েনস এইরেস, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিলারিয়াল কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির সঙ্গে বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছে তার। এ মৌসুমে ক্লাবের হয়ে হুয়ান রোমান রিকুয়েলমে তাই একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। তবু বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে এই মিডফিল্ডারকে রেখেছেন আর্জেন্টিনার কোচ আলফিও বাসিলে। সেই সিদ্ধান্তে বিস্মিত অনেকেই, কিন্তু বাসিলের বিশ্বাস এখনো জাতীয় দলকে দেয়ার মতো অনেক কিছু আছে রিকুয়েলমের। আর তাই নিজের সিদ্ধান্তটাকে বিতর্কিত সিদ্ধান্ত মানতে নারাজ আর্জেন্টাইন কোচ। গত বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও এ বছর কোপা আমেরিকার ঠিক আগে আবার আর্জেন্টিনার জার্সি গায়ে চড়ানোর সিদ্ধান্ত নেন রিকুয়েলমে। অবশ্য বাসিলেই তাকে ডেকে পাঠিয়েছিলেন দলে। কোপা আমেরিকায় ভাল খেললেও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মোটেও সুবিধা করে উঠতে পারেননি। ফেভারিট আর্জেন্টিনাও ম্যাচটা হেরে যায় ০-৩ গোলে। কোপার পর অনেকে ভেবেছিলেন রিকুয়েলমের আন্তর্জাতিক ক্যারিয়ার বোধহয় শেষ। এরপর দুটো প্রদর্শনী ম্যাচে তাকে দলেও ডাকেননি বাসিলে। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের দলে আবার ডেকেছেন রিকুয়েলমেকে। সম্ভবত শনিবার চিলির বিপক্ষে প্রথম একাদশেও থাকবেন এই মিডফিল্ডার। তার প্রতি কেন এই আস্থা সে ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টিনার কোচ, "রোমান (রিকুয়েলমে) যেভাবে খেলে তা আমি খুব পছন্দ করি। আমি সব সময়ই বলি সে ভিন্ন ধরণের খেলোয়াড়। সে সব সময়ই ভাল ফুটবল খেলে। তার জাতটাই অন্য।" অবশ্য রিকুয়েলমে সম্পর্কে কয়েক দিন আগে করা একটা বিশ্লেষণ থেকে এখন সরে এসেছেন তিনি। কিছু দিন আগে এই মিডফিল্ডারকে দলের জন্য 'অপরিহার্য' বলে অভিহিত করলেও এখন বাসিলের মুখে ভিন্ন কথা, "কোনো খেলোয়াড়ই অপরিহার্য নয়। তবে সে জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।" যদিও এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গত দুই মাস ধরে ফুটবলের সঙ্গে সম্পর্কহীন। ভিলারিয়ালের হয়ে এবার এখনো কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি। আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য আগ্রহ দেখিয়েছিল তার সম্পর্কে। কিন্তু এই দুই ক্লাবের কোনোটিই ভিলারিয়ালের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি। এমনকি এ বছরের প্রথম ৬ মাস বোকা জুনিয়র্সে ধারে খেলা রিকুয়েলমের সঙ্গে চুক্তি নবায়নেরও প্রস্তাব দিয়েছিল আর্জেন্টাইন ক্লাবটি। কিন্তু সেই প্রস্তাব শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি। তাই ভিলারিয়ালে সাইডবেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে রিকুয়েলমেকে। সেখান থেকে তিনি আবার জাতীয় দলে। তার ওপরে বাসিলের অগাধ আস্থার প্রতিদান রিকুয়েলমে দিতে পারেন কি না সেটাই এখন দেখার! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.