২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙ্গে পড়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সের ছাদ

সোমবার রাতে ভেঙ্গে পড়েছে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটবলের প্রেসবক্সের ছাদ। স্টেডিয়াম ফাঁকা থাকায় হতাহত হয়নি কেউ, কিন্তু আর মাত্র ৩ ঘণ্টা আগে ঘটনাটা ঘটলে হয়ে যেত বড় ধরনের একটা ট্র্যাজেডি। কারণ ঐদিন বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের বাংলাদেশ-তাজিকস্তান ম্যাচের সময় ভর্তি ছিল পুরো প্রেসবক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সোমবার রাতে ভেঙ্গে পড়েছে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটবলের প্রেসবক্সের ছাদ। স্টেডিয়াম ফাঁকা থাকায় হতাহত হয়নি কেউ, কিন্তু আর মাত্র ৩ ঘণ্টা আগে ঘটনাটা ঘটলে হয়ে যেত বড় ধরনের একটা ট্র্যাজেডি। কারণ ঐদিন বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের বাংলাদেশ-তাজিকস্তান ম্যাচের সময় ভর্তি ছিল পুরো প্রেসবক্স। সৌভাগ্যবশত কেউ আক্রান্ত না হলেও এটা বিরাট একটা দুশ্চিন্তার কথা। মাত্র দেড় বছর আগে তৈরি হয়েছে যে প্রেসবক্স সেটা যদি সামান্য বৃষ্টিতে ভেঙ্গে পড়ে তাহলে বুঝতে হবে নির্মাণপ্রক্রিয়াতেই বড় ধরনের গলদ ছিল। পুরো বিষয়টা তদন্ত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ৩ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমানকে। একই বিভাগের দুই সহকারী পরিচালক হাবিবুর রহমান এবং আহমেদ আব্দুল গনি কমিটির অন্য দুই সদস্য। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন,''আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদেরকে বলেছি এক দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট দিতে। রিপোর্ট পাওয়ার পর আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'' কমিটির প্রধান আব্দুর রহমান বলেছেন,''বুধবার যেহেতু সরকারী ছুটি, তাই বৃহস্পতিবার তদন্ত রিপোর্টটা দিতে পারব বলে আশা করছি আমরা।'' শুধু তদন্ত কমিটি গঠন করেই অবশ্য বসে নেই জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবারই নির্মাতা প্রতিষ্ঠান শহীদুল্লাহ এসোসিয়েটসের সঙ্গে সভায় বসেছিল তারা, যেখানে প্রতিষ্ঠানটি নিজেদের দায় স্বীকার করে নিয়েছে। ''আমরা শহীদুল্লাহ এসোসিয়েটসের সঙ্গে একটা সভায় বসেছিলাম এবং তারা সেখানে তাদের দায় স্বীকার করে নিয়েছে। নকশার ভুলের কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে তারা মনে করে।'' জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রীড়া পরিষদের একজন শীর্ষ কর্মকর্তা। নকশায় পানি নিষ্কাষনের যথেষ্ট ব্যবস্থা ছিল না, আর সেজন্যই বৃষ্টির জমে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে নির্মাতা প্রতিষ্ঠানের ধারণা। নির্মাতা প্রতিষ্ঠান নিজের খরচে প্রেসবক্স পুনর্নিমাণ করে দিতে রাজি বলে জানিয়েছে সভায়। ১৫০ আসনবিশিষ্ট এই ফুবলের এই প্রেসবক্সটি উদ্বোধন হয়েছিল ২০০৬ সালের মার্চে। সে বছর এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০২৫ঘ.