২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রথম পেশাদার গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমান

গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় সিদ্দিকুর রহমান অংশ নেবেন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রফেশনাল গলফ সার্কিটে। তিনিই হবেন ইন্ডিয়ান প্রফেশনাল গলফ সার্কিটে খেলা প্রথম বাংলাদেশী পেশাদার গলফ খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:49 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় সিদ্দিকুর রহমান অংশ নেবেন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রফেশনাল গলফ সার্কিটে। তিনিই হবেন ইন্ডিয়ান প্রফেশনাল গলফ সার্কিটে খেলা প্রথম বাংলাদেশী পেশাদার গলফ খেলোয়াড়। অপেশাদার গলফ খেলোয়াড় হিসেবে ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়া সিদ্দিকুর রহমান ১৭টি শিরোপা জিতেছেন। ইতোপূর্বে তিনি ভারত, শ্রীলংকা, নেপাল, ভূটান এবং পাকিস্তানে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সবগুলো সার্ক দেশে শিরোপা জয়ী একমাত্র গলফ খেলোয়াড় হচ্ছেন সিদ্দিকুর রহমান। গ্রামীণফোন ২০০৪ থেকে সিদ্দিকুর রহমানকে স্পন্সর করে আসছে। তখন তিনি একজন অপেশাদার খেলোয়াড় ছিলেন। গ্রামীণফোনের সহায়তা তার সাফল্যের জন্য এক শক্ত ভিত গড়ে দেয়। গ্রামীণফোন এর আগে অস্ট্রেলিয়ায় তিন মাসের এক গলফ ট্রেনিং প্রোগ্রামে তাকে স্পন্সর করে। ২০ নভেম্বর, ১৯৮৪ তে জন্মগ্রহণকারী সিদ্দিক, চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তিনি একজন বল বয় হিসেবে গলফ ক্লাবে কাজ শুরু করেন। তার কাজ ছিল কুর্মিটোলা গলফ ক্লাবের (কেজিসি) সদস্যদের ব্যাগ বহন করা । তার প্রতিভার পরিচয় পেয়ে কেজিসির কর্মকর্তাগণ তাকে গলফ খেলার সুযোগ দেন। এভাবেই গলফ খেলোয়াড় হয়ে উঠেন তিনি। ২০০৪ সাল থেকে গ্রামীণফোন তাকে স্পন্সর করতে শুরু করে। বর্তমানে সিদ্দিক এই অঞ্চলের সবচেয়ে প্রতিভাবান গলফ তারকাদের একজন। আগামী বছর থেকে তিনি মালয়শিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানে খেলবেন। তার চুড়ান্ত লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মানজনক পিজিএ টুর্নামেন্টে খেলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১১০৪ঘ.