২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকস্তানকে রুখে দিল নাঈমুদ্দিনের বাংলাদেশ

বাংলাদেশ ১ ঃ তাজিকস্তান ১ নিন্দুকের মুখে তালা লাগিয়ে দিল নাঈমুদ্দিনের বাংলাদেশ। গত বছর ৬-১ গোলে বাংলাদেশকে হারানো তাজিকস্তানের সঙ্গে তারা এবার লড়াই করেছে, আগে গোল করে জেতার সম্ভাবনা জাগিয়েছে। শেষপর্যন্ত পেনাল্টি গোল খেয়ে অবশ্য জেতা যায়নি, কিন্তু ম্যাচ ড্র করে তারা আগের দিন দেয়া কথাটা রেখেছে। সবমিলিয়ে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের এই ম্যাচে দশে দশ পাবে নাঈমুদ্দিনের বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ১ ঃ তাজিকস্তান ১ নিন্দুকের মুখে তালা লাগিয়ে দিল নাঈমুদ্দিনের বাংলাদেশ। গত বছর ৬-১ গোলে বাংলাদেশকে হারানো তাজিকস্তানের সঙ্গে তারা এবার লড়াই করেছে, আগে গোল করে জেতার সম্ভাবনা জাগিয়েছে। শেষপর্যন্ত পেনাল্টি গোল খেয়ে অবশ্য জেতা যায়নি, কিন্তু ম্যাচ ড্র করে তারা আগের দিন দেয়া কথাটা রেখেছে। সবমিলিয়ে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের এই ম্যাচে দশে দশ পাবে নাঈমুদ্দিনের বাংলাদেশ। সচরাচর কথা ও কাজের সঙ্গে মিল থাকে না বাংলাদেশের। হাসান আল মামুনরা অন্তত ড্রয়ের স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। তার দাবি ছিল বাংলাদেশী ফুটবলারদের জয়ের মানসিকতা জন্ম নিয়েছে, প্রত্যয়ী হয়েছে লড়াই করার জন্য। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কোচের দাবিগুলোকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ চেপে বসে তাজিকস্তানের ওপর। বার বার বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিয়েও এক-আধটু ভুলের জন্য পেরে ওঠছে না তারা। কিন্তু ৫০ মিনিটের মাথায় ঠিকঠাক হয়ে গেল সবকিছু; ডানদিক থেকে জাহিদের ক্রসে এমিলির ব্যাকহিলে মিঠুর ফ্লিক তাজিকস্তানের জালে জমা হলে অবিশ্বাস্য সুখানুভূতিতে দুলে ওঠে পুরো প্রেসবক্স। গ্যালারিতে তার অনুরনন বয়ে যাওয়ার সুযোগ নেই, বৃষ্টিস্নাত দিনটি দর্শকদের বঞ্চিত করেছে প্রবীন (!) ফুটবলার মিঠুর স্মরণীয় গোল উপভোগ করা থেকে। এর আগে গত আগস্টে মারদেকা কাপে তিনি সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম গোল করেছেন দেশের হয়ে (যদিও সেটা জাতীয় দল কিনা সন্দেহ আছে)। তারপরও '৯৭ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার ১০ বছর পর জাতীয় দলে ডাক পাওয়া মিঠুর জন্য এ-এক অভাবনীয় মুহুর্ত, "দেশের জন্য কিছু করতে পেরেছি, এটা ভীষণ আনন্দের।" কিন্তু তা স্থায়ী হতে দেননি জাহিদ। এই বাংলাদেশী মিডফিল্ডার ৫৭ মিনিটে নিজেদের ডিবক্সে তাজিকস্তানের ভাসিয়েভকে ফাউল করে বসেন। যদিও তা গোল হওয়ার মতো কোনো মুভমেন্ট ছিল না কিন্তু ওমানের রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সব আনন্দ উবে যায়। পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন হাকিমভ। আর এই অপরাধের জন্য জাহিদকে মাঠ ছেড়ে গিয়ে জায়গা দিতে হয় বদলি শরীফকে। ম্যাচে সমতা এলেও বাংলাদেশের সম্ভাবনা কিন্তু উধাও হয়ে যায়নি একেবারে। বিশেষ করে বাঁদিক দিয়ে মিঠু ও আবুল আক্রমণে ওঠে চমৎকার সব ক্রস করে সম্ভাবনা জারি রেখেছিলেন। কিন্তু বল আর মাথা ঠিকমতো এক করতে না পারায় মনি-এমিলিরা ব্যর্থ হয়েছেন। শেষ সুযোগটা ৮৯ মিনিটে নষ্ট করেছেন আবুল, এমিলির বানিয়ে দেওয়া বলে দূর্বল শট নিয়ে। তাই সম্ভাবনার পরিণতি ড্রতেই সমাপ্ত হয়। প্রথমার্ধে অবশ্য সেরকম কিছুই হয়নি। বৃষ্টিভেজা মাঠে দুপক্ষের কিছু আক্রমণ হলেও গোল হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হয়নি। আসলে বৃষ্টিভেজা মাঠও স্বাভাবিক খেলার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটাকে আবার অনেকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে মনে করলেও কোচ নাঈমুদ্দিন যুক্তি খাঁড়া করেছেন অন্যভাবে, "এই মাঠে দুদলেরই স্বাভাবিক খেলা ব্যহত হয়েছে, এজন্য আমরা অনেক অক্রমণ করেও ভাল ফিনিশ করতে পারিনি।" তবে কোচের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে তিনি গেছেন ভালভাবেই। কারণ অনেকদিন পর বাংলাদেশ লড়াই করেছে, পুরো ৯০ মিনিট একই গতিতে খেলে গেছে। তাই নাঈমুদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ বাফুফে কর্তারা বলতে শুরু করেছেন, "সত্যি তিনি অনেক পরিশ্রম করেছেন এই দল নিয়ে !" শুধু কথাই নয়, সন্তুষ্টিটা প্রকাশ করেছেন তারা পুরষ্কারের মাধ্যমেও। এই সাফল্যের জন্য দলকে দেড় লাখ টাকা বোনাস দেবে বাফুফে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.