ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দুটো সংবাদ সম্মেলনের আসলে দরকার ছিল না। কারণ তাজিকস্তান ভাল খেলতে এসেছে, জিততে চায়--এটা তো সংবাদ সম্মেলন করে জানানোর মতো কিছু নয়। যারা গত বছর এই ঢাকায় ৬-১ গোলে হারিয়েছে বাংলাদেশকে তারা এবারও ফেভারিট সন্দেহাতীতভাবে। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের তরফে সংবাদ সম্মেলনের গুরুত্ব অনেক। তারা কী ভাবছে, আন্ডারডগ হয়ে ওঠার হুমকি দিচ্ছে কিনা--ব্যাপারগুলো পরিস্কার হওয়া উচিত। বাংলাদেশ দলের অধিনায়ক হাসান আল মামুন সেটা পরিস্কার করে দিয়েছেন "কমপক্ষে ড্র করতে চাই" বলে। এই হালকা হুংকার নিশ্চয়ই তাজিকদের কানেও চলে গেছে আর তাই আগামী সোমবার বিকেল ৩ টায় বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের বাংলাদেশ-তাজিকস্তান ম্যাচ জমজমাট লড়াইয়ের প্রতিশ্র"তি দিচ্ছে।
কথার যুদ্ধে আগাম জমে ওঠা ম্যাচ মাঠের খেলায় সেভাবে জমবে কিনা এখনই বলা যাবে না। তবে একটা প্রশ্ন উঠতেই পারে, ম্যাচ জমানোর দায়িত্ব কার ? নিশ্চয়ই বাংলাদেশের। প্রতিপক্ষের ভাল খেলা নিয়ে সংশয় নেই, এখন বাংলাদেশ ভাল খেললেই...। তার স্বপক্ষে হাসান আল মামুনের যুক্তি দিয়ে বলতে চেষ্টা করেছেন, "মানছি তাদের বিপক্ষে পূর্বের অভিজ্ঞতা আমাদের ভালো না। সেবার ৪/৫ জন সিনিয়র ফুটবলার দলে ছিল না। এবার অভিজ্ঞ ও তরুণদের নিয়ে খুব ভাল দল হয়েছে। আমাদের মূল সম্বল লড়াকু মানসিকতা। পরাজয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে না কেউই, অন্তত ড্র করে মাঠ ছাড়তে চাই আমরা।"
কিন্তু এসব কথা মানুষকে বিশ্বাস করানো কঠিন। তার প্লট তৈরি করে দিয়েছে হাসান আল মামুনের দলই, দুদিন আগে ঢাকা একাদশ নামের অখ্যাত দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে যারা তারা কি তাজিকস্তানের সঙ্গে ড্র করতে পারবে ! সঙ্গী হয়েছে নানামুখী চাপ--- মিডিয়ার একটি পক্ষ তো রায় দিয়ে রেখেছে, "এই কোচ, এই দল দিয়ে হবে না!"
তারা বেশি ক্ষুব্ধ কোচ নাঈমুদ্দিনের ওপরই। তাই তার জন্য ম্যাচটা হয়ে গেছে পাস- ফেলের ব্যাপারের মতো। পাস করে গেলে নিন্দুকরা একেবারে চুপ মেরে যাবে আর ফেল করলে এমনকি বিদায়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না (বাফুফের একটি পক্ষও সেভাবে ভেবে রেখেছে)। কিন্তু এক মাস পাওয়ার ট্রেনিংয়ের পর বাংলাদেশের এই ভারতীয় কোচ আশাবাদী, "দলের সবার মধ্যে ম্যাচ জেতার মানসিকতা জন্ম নিয়েছে। এটা দেখেই আমি আত্মবিশ্বাসী, একটা ভাল ম্যাচ উপহার দিতে পারবে বাংলাদেশের ফুটবলাররা।"
বাংলাদেশের কোচ-অধিনায়কের স্বপ্ন যেখানে একই সূত্রে গাঁথা সেখানে তাদের পক্ষে কিছু ইতিবাচক দিকও আছে। যেমন তাজিকস্তানের অধিনায়ক দজবারভ সুখরাত জানিয়েছেন, "এখানে গরম আবহাওয়া ও আর্দ্রতা বেশি, এরকম পরিবেশে আমরা অভ্যস্ত নই। এই সময়ে আমাদের দেশে তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রী।" বৃষ্টি না হলে বঙ্গবন্ধু স্টেডিয়াম একটু প্রতিকূলই হবে অতিথিদের জন্য। আরেকটা খবর হচ্ছে, গত বছর চ্যালেঞ্জ কাপে আসা সেই দলের মাত্র ৫ জন এই দলে। এটা সুখবর না দুঃখের তা মাঠে নামার আগে বোঝা দায়। তার সঙ্গে যোগ করে নিন বাংলাদেশের কোচ নাঈমুদ্দিনের একটি আবিস্কারও, "তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী, এটাই আমাদের সঙ্গে তাদের বড় পার্থক্য। কিন্তু ভাবুন, এবার ইতালির কী ছিল, শুধু লড়াই করার মানসিকতা দিয়েই তারা বিশ্বকাপ জিতে গেছে। আমাদের সেই মানসিক শক্তি আছে।"
লড়াকু মানসিকতা নিয়ে ইতালি বিশ্বকাপ জিতেছে আর বাংলাদেশ জয় নায় শুধু ড্র করতে চায় একটি ম্যাচ !
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24