২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফাকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাফুফে!

সবাইকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে বাফুফের বর্তমান কমিটি। এবারের বিষয় ডিএফএ গঠনতন্ত্র, যা ফিফা অনুমোদিত বলে চালাতে গিয়ে ধরা পড়ে গেছে বাফুফে। শুধু এবার নয়, এর আগেও তারা ফিফা-এএফসি'র দোহাই দিয়ে এরকম কর্মকান্ড করেছে বলে মনে করছেন ফুটবল সংগঠকরা। তাদের ধারণা, দেশের ফুটবলের অবস্থা ফেরানো নয়, ফিফার জুজু দেখিয়েই বর্তমান কমিটি বাফুফের চেয়ার আঁকড়ে ধরে রাখতে চাইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সবাইকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে বাফুফের বর্তমান কমিটি। এবারের বিষয় ডিএফএ গঠনতন্ত্র, যা ফিফা অনুমোদিত বলে চালাতে গিয়ে ধরা পড়ে গেছে বাফুফে। শুধু এবার নয়, এর আগেও তারা ফিফা-এএফসি'র দোহাই দিয়ে এরকম কর্মকান্ড করেছে বলে মনে করছেন ফুটবল সংগঠকরা। তাদের ধারণা, দেশের ফুটবলের অবস্থা ফেরানো নয়, ফিফার জুজু দেখিয়েই বর্তমান কমিটি বাফুফের চেয়ার আঁকড়ে ধরে রাখতে চাইছে। ডিএফএ'র (জেলা/বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনতন্ত্র নিয়ে বাফুফে যে লুকোচুরি খেলেছে তাতে করে আশরাফ উদ্দিন অহমেদ চুন্নুর মনে নানা সন্দেহ উঁকি মারতে শুরু করেছে। বাফুফের বর্তমান কমিটির এই পদত্যাগী সহকারী সম্পাদক বলেছেন, "আমি পত্র-পত্রিকা দেখে বিস্মিত হয়েছি। বাফুফের কয়েকজন নিজেদের মতো করে ডিএফএ গঠনতন্ত্র করছে অথচ কাউন্সিলর হিসেবে আমাদের তা জানানোরও প্রয়োজন মনে করেনি। আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে, এটাকে তারা ফিফা অনুমোদিত বলেছে।" ফিফা-অনুমোদিত কথাটা স্পষ্টতই বাফুফে সভাপতি এস এ সুলতানের মিথ্যাচার। কারণ গঠনতন্ত্রে মূল জিনিস কাউন্সিলরশীপ নিয়ে প্রশ্ন তুলে তাতে পরিবর্তন আনার জন্য বলেছে ফিফা। এই গঠনতন্ত্রে সরকারি পদস্থ কর্মকর্তাদের রাখা হয়েছে অথচ ফিফা এর ঘোর বিরোধী। রাখা হয়েছে বাফুফে সভাপতি মনোনীত ৭ জন কাউন্সিলর এবং আঞ্চলিক বিওএ'র একজন কাউন্সিলর ! শেষেরটা একেবারেই কাল্পনিক, কারণ বাংলাদেশে ঢাকায় বিওএ ছাড়া কোনো আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে বলে কারো জানা নেই। এর ব্যাখ্যা শুনুন বাফুফের ডিএফএ গঠনতন্ত্র কমিটির সদস্য গোলাম রসুল মোল্লার মুখে, "আঞ্চলিক বিওএ না থাকলে নেই। ডিএসএগুলোতে জাতীয় ক্রীড়া পরিষদের যেমন ৭ জন করে প্রতিনিধি থাকে তেমনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনেও বাফুফে সভাপতির ৭ জন করে প্রতিনিধি রাখা হয়েছে।" ওখানে তো ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধি থাকে না, তাহলে এখানে কেন বাফুফে সভাপতির মনোনীত কাউন্সিলর (ভোটার ) থাকবে ? এর কোনো স্পষ্ট জবাব নেই মোল্লার কাছে। ডিএফএ গঠনতন্ত্র কমিটির আহ্বায়ক, বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এখন দেশের বাইরে। তাই কমিটির সদস্য মোল্লার কাছেই প্রশ্ন করা হয়েছিল, ডিএফএ গঠনতন্ত্র তৈরি করার ব্যাপারে কাউন্সিলরদের কেন মতামত নেওয়া হয়নি? কেন বিশেষ সাধারণ সভা ডাকা হয়নি ? তার জবাব, "প্রয়োজন মনে হলে কাউন্সিলরদের জানানো হবে।" তার কথায় স্পষ্ট হয়ে গেল বাফুফে এখনো কাউন্সিলরদের জানানো প্রয়োজন মনে করছে না। কিন্তু মোল্লার কথা শোনামাত্র তার পাশে বসে থাকা কাউন্সিলর মহিউদ্দিন বুলবুল প্রতিবাদ করে উঠে বলেন, "আমি মনে করি কাউন্সিলরদের জানানো উচিত। অবশ্যই মতামত জানা উচিত ছিল।" অথচ তারা কয়েকজনে মিলে নিজেদের মতো করে গঠতন্ত্র বানিয়ে ফিফায় পাঠিয়ে দিয়েছিল অনুমোদনের জন্য। তারপর জাতীয় ক্রীড়া পরিষদও অনুমোদন দিয়েছিল বলে বাফুফে কর্তারা বলেছিলেন। কিন্তু পরিষদের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, "ফিফা যখন বলেছে ক্রীড়া পরিষদ হস্তক্ষেপ করতে পারবে না সেখানে আমাদের অনুমোদনের সুযোগ কোথায়? তাই আমরা দেশের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার পরমর্শ দিয়ে শুধু দর্শক হয়ে দেখছি। ক্রীড়া পরিষদ আইনে আমাদের বাফুফে নিয়ন্ত্রণের সুযোগ থাকলেও আমরা করবো না।" কারণটা সহজবোধ্য --- জাতীয় ক্রীড়া পরিষদকে পছন্দ হচ্ছে না ফিফার। কিন্তু ফিফার সামনে ক্রীড়া পরিষদকে বাফুফের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কাজটা কে করেছে ? ফুটবল সংগঠক আশারাফ উদ্দিন চুন্নুর ব্যাখ্যা হচ্ছে, "এটা বাফুফে কর্তারাই করেছে। তারা ফিফা-এএফসিতে গিয়ে সবসময় সরকার, ক্রীড়া পরিষদের বিরুদ্ধে বলেছে। তারা ভেবে দেখেনি, সরকার স্টেডিয়াম না দিলে তারা খেলা চালাবে কী করে?" ফিফা-এএফসির কাছে জাতীয় ক্রীড়া পরিষদ সেরকম একটা বিরোধী পক্ষই। আর তাদের হস্তক্ষেপ দূর করার জন্যই ডিএফএ গঠন করে নতুন ব্যবস্থাপনায় নির্বাচনের কথা বলা হয়েছে ফিফার পক্ষ থেকে। আর সেটা করার জন্য বর্তমান কমিটিকে মেয়াদ শেষ হয়ে গেলেও সময় দেয়া হয়েছে এক বছর। বাদল রায় মনে করেন মেয়াদ বাড়ানো এসবই ছিল বর্তমান কমিটির কৌশলমাত্র। বারবার তারা ফিফাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে চেয়ার ধরে রাখার কৌশল খুঁজেছে,"হঠাৎ করে কেন তাদের সময় বাড়ানো হয়েছে, তা-তো পরিষ্কার নয়। কিন্তু তাদের অবস্থা দেখে মনে হচ্ছে নির্বচনের দিকে যেতে চায় না তারা। ফুটবলের যে অবস্থাই হোক তারা পদে বসে থাকতে পারলেই হলো।" গত এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর যখন নির্বাচনী হাওয়া শুরু হয়েছিল বাফুফেতে, তখন ফিফা থেকে আরো এক বছর থাকার বিধান নিয়ে এসেছে তারা। এবং তারপর থেকে টিকে থাকার জন্য যখন-তখন ফিফার দোহাই দিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.