ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এবার নতুন এক বাংলাদেশকে দেখবে তাজিকস্তান। এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকস্তানের কাছে ৬-১ গোলে হেরে যাওয়া বাংলাদেশ নয়, বিশ্বকাপ প্রাক-বছাইপর্বে দেখা যাবে লড়াকু ও সংকল্পবদ্ধ একটি দল। কোচ সৈয়দ নাঈমুদ্দিন সেরকমই দাবি করছেন।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ প্রাক-বছাইপর্বে ঢাকায় তাজিকস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচকে সামনে রেখে দল যে প্রস্তুতি নিয়েছে সেটা মুল্যায়ন করে তিনি বলছেন, "প্র্যাকটিস খুব ভাল হয়েছে, ভাল খেলার জন্য মুখিয়ে আছে ফুটবলাররা। ম্যাচের ফল কী হবে জানিনা তবে এটুকু বলতে পারি লড়াই করার মতো একটা দল হয়েছে।"
কথার পক্ষে কোনো প্রমাণ অবশ্য নাঈমুদ্দিনের হাতে নেই। এখনও কোনো প্র্যাকটিস ম্যাচই খেলতে পারেনি তার দল। দলের কম্বিনেশন নিয়ে নিজের কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য কোচ ভাল প্রতিপক্ষের সঙ্গে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইলেও ফুটবল বাংলাদেশ ফেডারেশন তার ব্যবস্থা করতে পারেনি। শেষপর্যন্ত শুক্রবার ঢাকা একাদশের সঙ্গে কোনোরকমে একটি ম্যাচের ব্যবস্থা হয়েছে।
বাংলাদেশ দলের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা এই ম্যাচে কিছুটা বোঝা যাবে। কিন্তু তার আগেই নাঈমুদ্দিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এভাবে, "খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে এখন দুর্দান্ত অবস্থায় আছে। উইথ দ্য বল-প্র্যাকটিস ভাল হয়েছে। আগের মতো তাজিকস্তানের বিপক্ষে ৬-১ গোলে হারার দল নয় এটা। অবশ্যই একটা পরিবর্তন দেখা যাবে।" ক্যাম্পের ৩০ জন থেকে ২০ জনের দল চূড়ান্ত করে বৃহস্পতিবার বাফুফের কাছে জমা দিয়েছেন কোচ। এই দল নিয়ে নির্বাচক কমিটির কোনো বক্তব্য আছে কিনা দেখা হবে, তারপর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বাফুফে।
সদ্য গঠিত ফুটবলের নির্বাচক কমিটির চার সদস্যের মধ্যে বৃহস্পতিবার বিকেএসপিতে শুধু জহিরুল হককেই দেখা গেছে। এর আগে একদিন তিনজন বিকেএসপিতে গিয়েছিলেন প্র্যাকটিস দেখতে। কখনো যাননি কর্ণেল (অব.) ওবায়েদুল্লাহ খান। সেক্ষেত্রে তারা দলের খুঁটিনাটি কীভাবে মুল্যায়ন করবেন সেটা ফুটবল মহলের প্রশ্ন।
এ ব্যাপারে কোচ কোনো মন্তব্য করতে চাননি। তবে প্র্যাকটিস ম্যাচের ঘাটতি বাদ দিলে কোচ তার দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। উদ্দীপ্ত দলের অধিনায়ক নজরুল ইসলামও। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে তার বক্তব্য, "এই ম্যাচ নিয়ে কিছু গেমপ্ল্যান করা হয়েছে। সেগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারলে ম্যাচের ফল ভালই হবে বলে আমার বিশ্বাস।''
দলের আরেক সিনিয়র ফুটবলার হাসান আল মামুনের প্রত্যাশা, "মাসখানেকেরও বেশি সময় ধরে আমরা যে কঠোর অনুশীলন করেছি তাতে ম্যাচের ফল ড্র হলেই খুশি হবো। মনে হয় তাজিকস্তানের সঙ্গে ড্র করার মতো শক্তি আমরা অর্জন করেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.
bdnews24