ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফিফা-অনুমোদিত ডিএফএ গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদেরও মনপুত হয়েছে। মানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠনে আর কোনো বাধা নেই। সব পক্ষের অনুমোদিত এই গঠনতন্ত্রের আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে বাফুফের বিশেষ সাধারণ সভা থেকে।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের গ্রীন সিগন্যাল দিয়েছে, তারা পরবর্তী পদক্ষেপ নিতে বলেছে। তারা তাড়াতাড়ি ডিএফএ গঠন করার উদ্যোগ নিতে বলেছে। এজন্য আমরা ৫ অক্টোবর বাফুফে সভা ডেকেছি।" ওই সভায় ডিএফএ'র গঠনতন্ত্রের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাফুফের বিশেষ সাধারণ সভার দিনক্ষণ ঠিক করা হবে।
৩০ সেপ্টেম্বর বাফুফে ফিফা অনুমোদিত ডিএফএ গঠনতন্ত্রটি পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। আর পরিষদ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে বুধবার লিখিতভাবে মতামত জানিয়েছে। মতামত যে ইতিবাচক সেটা মৌখিকভাবে ফুটবল ফেডারেশন কর্তাদের জানানো হয়েছিল আগেই। লিখিত চিঠিতে আনুষ্ঠানিক অনুমোদনের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ দেশের প্রচলিত আইন-কানুনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সবকিছু করার পরামর্শ দিয়েছে ফুটবল ফেডারেশনকে।
ডিএফএ গঠনতন্ত্র অনুযায়ী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন হবে ১২ সদস্যের এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন হবে ১১ সদস্যের। তবে বাফুফে সমস্যায় পড়েছে ফিফার একটা প্রেসক্রিপশন মানতে গিয়ে। ফিফা বলেছে ডিএফএ গুলোতেও সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে বেতনভূক্ত লোক রাখার জন্য। যা বাফুফের ক্ষেত্রেও তাদের পরামর্শ। বাফুফেই যেখানে এই পরামর্শ মতো নিজেদের সাজাতে পারেনি তখন ডিএফএ-তে এই নিয়ম চালু করা কঠিন হবে। সেটা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় আছে বাফুফে। ডিএফএ গঠিত হবে জেলা ও বিভাগের ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট জেলার নির্ধারিত সরকারি কর্মকর্তার ভোটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.
bdnews24