২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্যপ্রসূত জয় দিয়ে আবার শীর্ষে রিয়াল

ফুটবল যে মাঝে-মাঝে একটা ভাগ্যেরও 'খেলা', রোববার রাতে গেটাফের সঙ্গে ম্যাচে সেটা জানা গেলো আরেকবার! নইলে সারা ম্যাচ এক তরফা খেলেও কেন ০-১ গোলে হার মানতে হবে গেটাফেকে? সার্জিও র‌্যামোসের লক্ষ্যভেদে ভাগ্যপ্রসূত জয় দিয়ে রিয়াল মাদ্রিদ তাই আবারো স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে উঠেছে। ৬ ম্যাচ থেকে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

মাদ্রিদ, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুটবল যে মাঝে-মাঝে একটা ভাগ্যেরও 'খেলা', রোববার রাতে গেটাফের সঙ্গে ম্যাচে সেটা জানা গেলো আরেকবার! নইলে সারা ম্যাচ এক তরফা খেলেও কেন ০-১ গোলে হার মানতে হবে গেটাফেকে? সার্জিও র‌্যামোসের লক্ষ্যভেদে ভাগ্যপ্রসূত জয় দিয়ে রিয়াল মাদ্রিদ তাই আবারো স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে উঠেছে। ৬ ম্যাচ থেকে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ডেভিড ভিলার গোলে রিক্রিয়েটিভো হুয়েলভাকে একই ব্যবধানে হারিয়ে তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে ভ্যালেন্সিয়া। ভিলারিয়াল ও ভ্যালেন্সিয়া দু দলেরই ১৫ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে আছে ভিলারিয়াল। শনিবার থিয়েরি অঁরির হ্যাটট্রিকে বড় জয় পাওয়া বার্সেলোনা ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে। ১১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান পঞ্চম। রোববার সার্জিও অ্যাগুয়েরো ও রাউল গার্সিয়ার গোলে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে ওসাসুনা। ৫টি করে গোল নিয়ে স্বদেশী লিওনেল মেসির সঙ্গে এখন যুগ্মভাবে গোলদাতার তালিকার শীর্ষে আছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের নায়ক অ্যাগুয়েরো। রিয়াল মাদ্রিদের মতো এসি মিলান কিন্তু ভাগ্যের সাহায্য পায়নি। ঘরের মাঠ সানসিরোতে ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান সিরি 'এ' র শিরোপা লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে তারা। ২৫ মিনিটে উরুগুইয়ান মিডফিল্ডার মার্টিনেজের হেড এগিয়ে দিয়েছিল ক্যাটানিয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কাকার পেনাল্টি থেকে সমতায় ফেরে মিলান। কিন্তু এর পর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ীরা। প্রথম ম্যাচে জয়ের পর আর একটিও ম্যাচ জিততে ব্যর্থ মিলান ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এখন একাদশ স্থানে। প্রতিপক্ষের মাঠ থেকে জুভেন্টাস কিন্তু ৩ পয়েন্ট নিয়েই ঘরে ফিরেছে। ডেভিড ত্রেজেগের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে তারা ১-০ গোলে জিতেছে তোরিনোর বিপক্ষে। 'তুরিন ডার্বি'র জয় জুভেন্টাসকে পৌঁছে দিয়েছে সিরি 'এ'র দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গেটাফের বিপক্ষে ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনকে লিগে প্রথম বারের মতো প্রথম একাদশে রাখার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণ বর্তমান চ্যাম্পিয়নদের কখনোই স্বস্তিতে থাকতে দেয়নি। কখনো গোলকিপার ইকার ক্যাসিয়াসের নৈপুণ্য, কখনো বা গোলপোস্ট বার বার বিপদ থেকে রক্ষা করেছে তাদেরকে। শুরুতেই স্ট্রাইকার উচের শট দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন ক্যাসিয়াস। ১৯ মিনিটে গেটাফের আরেক স্ট্রাইকার মানু দেল মোরালের দূর থেকে নেয়া শট ক্যাসিয়াসকে ফাঁকি দিলেও বাধা পেয়েছে পোস্টে। এর পর নাচোর শটও ফিরে এসেছে রিয়ালের গোললাইন থেকে। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে বিপর্যস্ত রিয়াল খেলার ধারার বিপরীতে জয়সূচক গোলটা পেয়েছে ৬৩ মিনিটের সময়। রাউলের পাস ধরে এগিয়ে ক্রস করেছেন রোবেন। মার্কারকে এড়িয়ে দারুণ এক শটে দলকে এগিয়ে দিতে ভুল করেননি র‌্যামোস। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে রাউলের পাস ধরার সময় অফসাইডে ছিলেন রোবেন! রিয়াল অবশ্য আরেকটি গোল পেতে পারতো। কিন্তু বদলি হিসাবে নামা জুলিও ব্যাপ্টিস্টার শট পোস্টে বাধা পাওয়ায় আর গোল পায়নি তারা। শেষ মুহূর্তে আবার ভাগ্যের সহায়তা পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গেটাফে ডিফেন্ডার ড্যানিয়েল ডিয়াজের হেড ক্রসবারে ধাক্কা খাওয়ায় ড্র হওয়ার হাত থেকে বেঁচে যায় তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.