দল জিতলেই ব্যক্তিগত সাফল্যটা উপভোগ করা যায় : শাহরিয়ার নাফীস
ডিপারচার লাউঞ্জের টিভিতে তখন ভারত -ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বুঁদ হয়ে আছেন শাহরিয়ার নাফীস। সৌরভ গাঙ্গুলীর ব্যাটিং দেখে কাউকে কাউকে বলছেনও,“ সৌরভের খেলা দেখেন। অদ্ভুত লাগে দেখতে। কী ব্যাটিংটাই না করছে।” নিজে বাঁহাতি ব্যাটসম্যান। এটা হাবিবুল বাশারের ডেপুটির সৌরভ অনুরাগের একমাত্র কারণ ধরলে ভুল হবে। তিনি পারফরম্যান্সটাই মনে রাখেন বেশি।
খানিকপরই একটা উদাহরন মিলে গেল। নাফীসের সামনে দিয়েই যাচ্ছিলেন মোহাম্মদ শরীফ। পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার জিম্বাবুয়েতেই ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পা রেখেছিরেন। তাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন,“শরীফ, ওয়ানডেতে আপনার প্রথম উইকেটটার কথা মনে আছে?” শরীফ উত্তর দেওয়ার আগেই প্রশ্নটা লুফে নিলেন নাফীস,“অ্যালিস্টার ক্যাম্পবেল। ওকে ইনকাটারে বোল্ড করেছিল।”
তখনই তারকা ক্রিকেটারের মর্যাদা পাওয়া শরীফ এখন নাফীসকে পাচ্ছেন সহ অধিনায়ক হিসেবে। এতোদিন পর দলে ফিরলে মানিয়ে নিতে একটু তো সমস্যা হতেই পারে। কিন্তু আসলে হচ্ছে না। কেন হচ্ছে না তার প্রমান নাফীস। সতীর্থের সোনালী সাফল্যের কথা মনে করিয়ে অনুপ্রেরণার হাতটা বাড়িয়ে রাখলেন তিনি নিঃস্বার্থভাবে।
কথা ছিল সকাল ১০ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে। কিন্তু ঘন কুয়াশার চাদর তা হতে দেয়নি। সেকারণেই দুই ঘন্টা দেরি। তাই বলে স্বামী নাফীসের সান্নিধ্য আরো কিছুক্ষণ বেশী পাননি ঈশিতা তাসনীম। বিয়ের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বলে বিদায় বেলায় আবেগের মাখামাখিও ছিল কিছুটা। হাবিবুল বাশারদের ইমিগ্রেশন লাউঞ্জে ঢুকিয়ে দিয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যে যার পথ ধরলেন। দোহা এবং জোহানেসবার্গ হয়ে বৃহষ্পতিবার হারারেতে পৌছানোর কথা বাংলাদেশ দলের। চার ম্যাচ সিরিজের প্রতিটা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। প্রথম ম্যাচ ৪ ফেব্র“য়ারি।
ওই ম্যাচে খেলতে নামার আগে কিছুটা স্মৃতিতাড়িত না হয়ে পারবেনই না নাফীস। কেননা এই মাঠে খেলা সর্বশেষ ম্যাচেই পেয়েছিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তার তিন সেঞ্চুরির সবগুলোই এই জিম্বাবুয়ের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে আবারো তাদের পেয়ে রান ক্ষুধা তো বাড়তেই পারে। কিন্তু নাফীস জানাচ্ছেন, প্রথম সেঞ্চুরিটা তার একদমই উপভোগ করা হয়নি,“মনে আছে নিশ্চয়ই, আমি যে ম্যাচে সেঞ্চুরি করেছিলাম তার আগেই বাংলাদেশ সিরিজ হেরে বসেছিল। তাই একটুও উপভোগ করা হয়নি। সিরিজ জিতলেই না ব্যক্তিগত সাফল্যটা উপভোগ করা যায়।”
তবে গত বছরটা যেভাবে শেষ করেছে বাংলাদেশ, তাতে সারা বছরের ব্যক্তিগত অর্জনের গাঁথা মালাটা বেশি ফুলেলই মনে হওয়ার কথা তার। ২৮ ম্যাচের ভেতর বাংলাদেশ জিতেছিল ১৮টিতে। আর তাতে নাফীসের অবদানও ছিল অসামান্য, এক হাজারের বেশি রান বছরে। ৪ ফেব্র“য়ারি আরেকটা ক্রিকেট ক্যালেন্ডার শুরুর আগে সেটাকেই ‘বেঞ্চমার্ক’ ধরছেন এই বাহাতি ওপেনার,“আগের বছরের চেয়ে ভালো কিছু করার দিকেই নজর থাকবে আমার।”
আর ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে শুধু নাফীসই নয়, গোটা বাংলাদেশ দলের দিকে। বিচ্ছিন্ন আরো অনেকের দিকেও। এয়ারপোর্টে ফটোসেশনের সময় এক নিরাপত্তারক্ষী যেমন মোহাম্মদ আশরাফুলকে বলে ফেললেন,“আশরাফুল ভাই কী করেন, তা দেখার জন্য তাকিয়ে আছি আমি।”
