কে. লিগে খেলার প্রস্তুতি নিতেই উলসান হুন্দাই এখন ঢাকায়
কোরিয়ার উলসান হুন্দাই নামের দলটি ’৯৫ সালে একবার ঢাকায় এসেছিল। যারা মোহামেডানকে গো--হারা হারিয়েছিল ঢাকার মাঠে। এবার সেই দল নয়, একই ক্লাবেরই তিন নম্বর দলটি এসেছে এখানে প্র্যাকটিস ম্যাচ খেলতে। আগামী শুক্রবার বিকেল ৫ টায় তাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব --২৩ ফুটবল দল।
বুধবার বিকেলে বাফুফে ভবনে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। কিন্তু অতিথিদের ইংরেজী জ্ঞান এতই সীমিত যে অন্ধকারেই হাতড়ে বেড়াতে হয়েছে তথ্যের জন্য। উলসান হুন্দাইয়ের হেড অব ডেলিগেশন হিউং সাব, প্রধান কোচ চুন হো এবং অধিনায়ক জাং জে সুকের সঙ্গে এসেছিলেন একজন দোভাষীও। দুর্ভাগ্যজনক হচ্ছে, সেই দোভাষীর কোরিয়ান ভাষা--জ্ঞানও প্রশ্নাতীত নয়।
শেষপর্যন্ত তাদের প্রধান কোচের ভাঙ্গা ইংরেজী দিয়ে যা বোঝা গেছে তা হচ্ছে আগামী মৌসুমে কে. লিগে খেলার প্রস্তুতি হিসেবে প্র্যাকটিস ম্যাচ খেলতেই উলসান হুন্দাই ক্লাব ঢাকায় এসেছে। এখানে আসার আগে তারা ইন্দোনেশিয়ার আলিম্পিক ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলে ১-০ গোলে জিতেছে। তারপর দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে একটি ক্লাব দলের সঙ্গে।
ঢাকায় আগামী শুক্রবার তারা খেলবে প্রি--অলিম্পিক বাছাইপর্বের জন্য প্র্যাকটিসরত বাংলাদেশ অনূর্ধ্ব -- ২৩ দলের সঙ্গে। বিকেল ৫ টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচ বিনেপয়সায় সবার জন্য উন্মুক্ত।
