১৬০ রানে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জিতলো ভারত
সাচিন টেন্ডুলকারের ব্যাট হাসলে রান ফোয়ারা বয়ে যায়। চেনা এই দৃশ্যটা দেখা গেলো অনেক দিনের পর। একই সঙ্গে ভারতীয় দলের শীর্ষ ব্যাটসম্যানদের ব্যাটও এদিন কথা বলায় ৩ উইকেটে ৩৪১ রানের পাহাড়ে চড়ে বসে ভারত। এমন পুঁজি ব্যাটসম্যানেরা দেওয়ার পর বোলাররাও ঝলসে উঠলেন। তাই সিরিজ না হারার লক্ষ্য নিয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৪১.৪ ওভারেই শেষ মাত্র ১৮১ রানে। ১৬০ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে চার ম্যাচের সিরিজ তাই ৩ --- ১ এ জেতা হয়ে গেল রাহুল দ্রাবিড়ের দলের।
ব্যাটসম্যানরা কমবেশি সবাই রান পেরেছন, বোলাররাও,ছেড়ে কথা কইবেন কেন? সম্মিলিত দক্ষতার জয়ধ্বনিই তোলা ভারতের কোনো বোলারই দুটোর বেশি শিকার করেননি। দুটো করে উইকেট নিতে অজিত আগারকার এবং অনিল কুম্বলে রানের ব্যয় ৪০ আর ২৭ রান। এছাড়া জহীর খান, ইরফান পাঠান, হরভজন সিং এবং যুবরাজ সিং --- প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
৩২ রানের ভেতর শিবনারায়ন চন্দরপল (১৪) এবং ক্রিস গেইলের (৬) উইকেট হারানোর পর ডোয়াইন স্মিথকে (২৪) নিয়ে মারলন স্যামুয়েলসের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে ১৮ রানের মধ্যেই স্মিথ, লারা (৩) এবং সিমন্সের (৪) উইকেটগুলো হারানোয়। ৮৩ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজ এরপর স্যামুয়েলস (৫৫) এবং উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ রামদীনের (৪০) ষষ্ঠ উইকেটে ৬৫ রানের পার্টনারশিপে বড়ো লজ্জা এড়ানোর স্বপ্ন দেখছিল। কিন্তু পাঁচ রানের মধ্যে এরা দুজনও রণেভঙ্গ দেয়ায় বড়ো হারের হতাশাতেই ডুবতে হয়েছে ক্যারিবীয়দের।
এর আগে সমালোচকদের জবাব দেওয়ার জন্য সিরিজের শেষ ম্যাচটাকেই বেছে নিলেন টেন্ডুলকার। বুধবার ভাদোদারায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ক্যারিয়ারের ৪১ তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের যাদুকুমার।
ভারতের ইনিংসের শেষ ওভারে তার সেঞ্চুরির জন্য দরকার ছিল ১১ রান। এবং তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন একেবারে শেষ বলে। ৭৬ বলে তার ঠিক ১০০ রানের ইনিংস টসে হেরে আগে ব্যাট করতে নামা ভারতকে রান পাহাড়েও চড়িয়েছে।
শেষ দিকে ভারতের রানের চাকাকে আরো বেশী গতি দিয়েছে মহেন্দ্র সিং ধোনীর বিধ্বংসী ব্যাটিংও। মাত্র ২০ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ৪০ রান করেছেন তিনি। শচীনের সঙ্গে তার ৩৯ বলের চতুর্থ উইকেট জুটিতে রান হয়েছে ৭৫। তবে ভারতের এই বিশাল সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। রবীন উত্থাপাকে (১৭ বলে ২৮) নিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রাহুল দ্রাবিড়কে (১০৯ বলে ৭৮) নিয়ে যোগ করেছেন আরো ১০১ রান। ক্রিস গেইলের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে তার ৬৮ রানের ইনিংসটা ৮২ বলে খেলা। দলকে ২৬৬ রানে রেখে দ্রাবিড় আউট হওয়ার পরই শুরু শচীন আর ধোনী ঝড়ের। নিজের ১০০ রানের ইনিংসে ১০টি বাউন্ডারির পাশে মারলন স্যামুয়েলসকে মারা একটা ছক্কাও আছে শচীনের।
