২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ আনোয়ার আসেননি

আসার কথা ছিল। কিন্তু এখনো এসে পৌছাননি। সাঈদ আনোয়ারের ঢাকায় আসার ব্যাপারে সর্বশেষ এটুকুই জানাতে পারছেন ধর্মকর্ম নিয়ে একই পথের পথিক জুলকারনাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে বিমানের হয়ে খেলছেন পাকিস্তানি ক্রিকেটার জহুর এলাহী। তার সঙ্গে দেখা করতেই একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে হাজির জুলকারনাইন। তার পরিচয় পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার। তবে এখন পুরোদস্তুর তাবলিগ জামাতের একনিষ্ঠ কর্মী। তিনিই জানিয়েছিলেন, ২ ফেব্র“য়ারি থেকে অনুষ্ঠেয় তাবলিগ জামাতের সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমাতে অংশ নিতে বাংলাদেশে আসছেন সাঈদ আনোয়ারও।

এরপর থেকে ওয়ানডে ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকের ঢাকায় আগমন নিয়ে সংবাদ মাধ্যম তৈরী করেছে বিভ্রান্তি। অতি উৎসাহী মিডিয়ার একটি অংশ তাদের পরিবেশিত খবরে দাবি করেছে, সাঈদ আনোয়ার চলেই এসেছেন। তা দেখে কাকরাইল মসজিদে কয়েকটা টিভি চ্যানেলের হানা পড়েছে বলেও খবর। কিন্তু বুধবার দুপুরে টেলিফোনে সেসব বিভ্রান্তির অবসান ঘটালেন জুলকারনাইন নিজেই,“১৫ দিন আগে সাঈদের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন সে আমাকে জানিয়েছিল ২৭ জানুয়ারি ঢাকায় আসবে। কিন্তু আজও তো আসল না। মনে হয় আর আসবেই না। ইজতেমাতে আসলে তো এতো দেরি করার কথা নয়। যোগাযোগও করতে পারছি না ওর সঙ্গে। তাহলে হয়ত সমস্যাটা কী বোঝা যেত।” উইকেটরক্ষক হিসেবে পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট আর ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন জুলকারনাইন।