২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাওয়ার আগে জিম্বাবুইয়ান মুদ্রা নিয়ে ধাঁধা

জিম্বাবুয়েতে দেশীয় আমেজের খাবার দু®প্রাপ্য। তবুও এর আগের সফরে ‘মন্দের ভালো’ হয়ে ছিল ‘ম্যাক অ্যাডাম’। হারারেতে বাংলাদেশ দলের ঠিকানা হোটেল রেইনবো টাওয়ার শেরাটনের খুব কাছেই ছিল এই পাকিস্তানি রেস্টুরেন্টটি। পরিচিত স্বাদের কাছাকাছি মানের খাবারের পাশাপাশি সুলভ মূল্যও বারবার সেখানে টেনে নিয়ে যেত ক্রিকেটারদের। হাবিবুল বাশাররা জানতেন না আরেকবার জিম্বাবুয়েতে যাওয়ার আগেই স্মৃতি হয়ে যাবে ‘ম্যাক অ্যাডাম’। কী এক কারণে হারারের বিক্ষুদ্ধ কৃষ্ণাঙ্গরা ওই রেস্টুরেন্টের ওপর চালিয়েছে ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ কার্যক্রম! তাই বুধবার সকালেও দেশ ছাড়ার আগে এয়ারপোর্টে কারো কারো মুখে শোনা গেল,“ম্যাক অ্যাডাম নাকি বন্ধ হয়ে গেছে। তাহলে তো এবার খাবার নিয়ে বেশ ঝামেলাতেই পড়তে হবে দেখছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মাসুদ পারভেজ,

আরো আছে। জিম্বাবুয়ের স্থানীয় মুদ্রা বয়ে বেড়ানোটাও এক মহা ঝামেলার কাজ। কেননা মাত্র ১ ইউএস ডলার ভাঙ্গালেই সেখানে পাওয়া যায় কাড়ি কাড়ি জিম ডলার ( জিম্বাবুইয়ান ডলারের সংক্ষেপ)। তারওপর সেগুলো গুনতে গিয়ে রীতিমতো ফাঁপড়ে পড়েছেন অনেকে। হাবিবুল বাশারের কথা শুনে মনে হচ্ছে এবার আরো বেশী করে পড়তে হবে। তার প্রথম জিম্বাবুয়ে সফরে ১ ইউএস ডলারের বিপরীতে পাঁচ হাজার জিম ডলার গুনেছেন। আর গতবছর গিয়ে দেখেছেন পাঁচ থেকে ছয় লাখ পর্যন্তও পাওয়া যাচ্ছে। খোঁজখবর নিয়ে জেনেছেন,“এবার নাকি অবস্থা আরো খারাপ!”

মাসদুয়েক আগে জিম্বাবুয়ে দল বাংলাদেশে খেলে গেছে। তাদের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই জিম্বাবুয়ের মুদ্রা নিয়ে সবসময় জিইয়ে থাকা কৌতুহল মিটিয়েছেন আশরাফুল --- আফতাবরা। তখন বাংলাদেশ অধিনায়কও জেনেছেন, এখন কালোবাজারে ১ ইউএস ডলার ভাঙ্গালে আড়াই মিলিয়ন (২৫ লাখ) জিম ডলার পাওয়া যায়। বলা হয়নি, জিম্বাবুয়েতে ব্যাংক রেটে ইউএস ডলার ভাঙ্গালে রীতিমতো ঠকতে হয়। কেননা কালোবাজারে ব্যাংক রেটের পাঁচগুণ পাওয়া যায়। আর নিয়মানুযায়ী সফরকারী দলের ক্রিকেটারদের দৈনিক ভাতা (ডিএ) স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডই দিয়ে থাকে। এবং গত বছর ব্যাংক রেট অনুযায়ীই জিম ডলার বুঝে পেয়েছিলেন হাবিবুলরা। কিন্তু এবার দৈনিক ভাতার অংক শুনে একরকম আঁতকেই উঠেছেন ক্রিকেটাররা,“বলেন কী!” অংকটা বাংলাদেশ দলের ম্যানেজার আলী আসিফ খানই জানিয়েছেন,“ওরা আরো কম দিতে চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ২০ ডলারে রফা হয়েছে।” ব্যাংক রেট অনুযায়ী এর সমপরিমাণ অর্থে জিম্বাবুয়ের দুর্মূল্যের বাজারে চলা কতোটা কঠিন, সেই অভিজ্ঞতা তো আগেই হয়েছে ক্রিকেটারদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারন সম্পাদক মাহবুব আনাম অবশ্য এবিষয়ে প্রথমে মুখই খুলতে চাইলেন না,“এই বিষয়টা দু'দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতা চুক্তিতে (এমওইউ) আছে। এসব গোপনীয় তথ্য জানানো যাবে না।” তবে ম্যানেজার গোপন তথ্যটা ফাঁস করে দিয়েছেন জানানোর পর বললেন,“ডিএ -- র বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। ওরা আমাদের ব্যাংক রেট অনুযায়ী দেবে বলেছিল। কিন্তু আমরা বলেছি মার্কেট রেট (সম্ভবত কালোবাজারের দর) অনুযায়ী দিতে।”

তবে যে রেটই ক্রিকেটাররা পান না কেন, জিম ডলারের মোটা বান্ডিল বয়ে বেড়ানোর আশঙ্কায় তাদের ঠিকই থাকতে হচ্ছে। গত বছর একেবারে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। অবশ্য এবার অনেক ক্রিকেটারের লাগেজে জায়গা করে নিয়েছে বাড়তি একটা ছোট ব্যাগ। সহ অধিনায়ক শাহরিয়ার নাফীস কারণটা বোধগম্য করে দিয়েছেন,“আমার লাগেজে একটা বাড়তি ব্যাগ আছে। জিম্বাবুয়ের টাকা রাখার জন্য ওটা নিয়েছি।” জিম্বাবুয়ের টাকা তো আর ওয়ালেটে ধরার মতো নয়!

‘ম্যাক অ্যাডাম’ না থাকায় খাবার নিয়ে একটু ঝামেলা হয়তো হবে। কিন্তু জিম্বাবুয়ের টাকা রাখায়? না, এবার আর তা হচ্ছে না!