২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই মহিউদ্দিনও এবার যাচ্ছেন!

হাবিবুল বাশার ইনজুরিতে পড়েছেন। অথচ ক্রিকেট বোর্ডের খরচে বাংলাদেশ দলের গত জিম্বাবুয়ে সফরে পর্যবেক্ষক হিসেবে যাওয়া কার্যনির্বাহী কমিটির জনাতিনেক সদস্য তা জেনেছেন ঘটনার দেড়দিন পর!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

অবিশ্বাস্য হলেও এমন ঘটনার নজির আছে। হারারে থেকে নাইরোবির ফ্লাইটে ক্রিকেটারদের নিজেদের মধ্যে বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসের সিট অদল --- বদল করতে হয়েছে। কিন্তু পর্যবেক্ষক নামধারীরা সেদিকে মোটেও দৃষ্টি না দিয়ে বিজনেস ক্লাসের বিলাস উপভোগে মজেছিলেন। তখন থেকেই চালু হয়ে যাওয়া রীতিটা এখনো বহাল। বাংলাদেশ দলের এবারের জিম্বাবুয়ে সফরেও বিসিবির খরচে পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন কার্যনির্বাহী কমিটির চার সদস্য। এরা হচ্ছেন রাজশাহীর মাহমুদ জামাল, গাইবান্ধার শহীদুজ্জামান, বগুড়ার এম আর সিদ্দিকী লেমন এবং ফেনীর মহিউদ্দিন বুলবুল। ‘ মুফতে’ বাংলাদেশ দলের সফরসঙ্গী হওয়ার ফন্দিটা আবার শেষোক্তজনেরই আঁটা। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এজন্য যাদের কন্ঠ সবচেয়ে বেশি শোর তুলেছিল, মহিউদ্দিন ছিলেন তাদের নেতা।