সালমার ৪৫ বলে ১০৪ রান!
নিজেদের প্রথম ম্যাচেই খুলনার আইরিন সুলতানা বিস্ফোরক এক সেঞ্চুরি করেছিলেন। সেই নবীন সংঘ মাঠেই এবার তার এক সতীর্থ সালমাও খেললেন আরেকটি বিধ্বংসী ইনিংস। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৪৫ বলে ১০৪ রান ! সালমার ১০৪ রানের ইনিংসে আছে ১৬টি বাউন্ডারি এবং চারটি ছক্কা। তাই ৩ উইকেটে ২৭৬ রান তুলে টানা তৃতীয় ম্যাচেও জিতে সেমিফাইনালের পথ করে রেখেছিল খুলনা। পরে চট্টগ্রামকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ২০৭ রানের বিশাল এক জয় তুলে নিয়েছে তারা।
তবে কলাবাগান মাঠে এর চেয়েও বড় ব্যবধানে জিতেছে ঢাকা। আয়েশা আক্তারের ৯০ বলে ১১৪ এবং তাজকিয়া আক্তারের ৫৪ বলে ৮৮ রানের ইনিংস দুটোর সহায়তায় ৩৩৪ রান তোলার পর তারা নারায়নগঞ্জকে অলআউট করে দিয়েছে মাত্র ৫৬ রানে। সুতরাং ঢাকা জিতেছে ২৭৮ রানে। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাঙ্গামাটি (১৪৭/৬) ৮৩ রানে হারিয়েছে বগুড়াকে (৬৪/১০)।
