র্যাঙ্কিং কখনো মিথ্যা বলে না : শারাপোভা
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গেলস ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছেন তিন দিন আগে। হারটা ছিল রীতিমতো লজ্জাকর --- ৬ --- ১, ৬ --- ২ গেমের!
অথচ ঠিক তিন দিন পর সোমবার ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে সেই শারাপোভার নামই সবার ওপরে। অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী রাশিয়ার মারিয়া শারাপোভা আবার বিশ্বসেরা। সেরেনার কাছে বিধ্বস্ত হওয়ার পর পরই তার ‘ওয়ার্ল্ড নাম্বার ওয়ান’ হওয়া নিশ্চয়ই অনেককে অবাক করবে, হাসাবেও। মারিয়া শারাপোভা অবশ্য কোনো ম্যাচের পরাজয় আর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানকে গুলিয়ে ফেলছেন না। তার মতে র্যাঙ্কিং সবসময়ই খেলোয়াড়দের ধারাবাহিকতার স্বীকৃতি আর সে কারণেই তিনি এখন বিশ্বসেরা, “ র্যাঙ্কিং কখনো মিথ্যা বলে না। আমার গতবছরের শেষটা ছিল দারুণ।”
র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠায় রুশ গ্ল্যামারগার্ল খুব খুশি। এমন স্বীকৃতি স্বাভাবিকভাবেই খুব উপভোগও করছেন,“এক নাম্বার হতে পেরে দারুণ লাগছে। আশা করি অনেক সপ্তাহ এটা আমার দখলে থাকবে।”
২০০৫ সালে প্যান প্যাসিফিক ওপেন জিতেছিলেন শারাপোভা। গত বছর সবাইকে অবাক করে সেমি -- ফ্ইানাল থেকেই বিদায় নেন মার্টিনা হিঙ্গিসের কাছে হেরে। সোমবার সংবাদ সম্মেলনে হিঙ্গিসও ছিলেন শারাপোভার পাশে। তাই একটু দুষ্টুমী করেই প্রতিশোধের প্রতিজ্ঞাও শোনালেন রুশ টেনিস তারকা “গত বছর মার্টিনা আমাকে বিদায় করেছিল। আশা করি এবার ফাইনালে তার বদলা নিতে পারবো।”
প্যান প্যাসিফিক ওপেনে হিঙ্গিস এবার অংশ নিচ্ছেন রেকর্ড পঞ্চম শিরোপার আশায়। এর আগে ১৯৯৭, ১৯৯৯, ২০০০ ও ২০০২ সালে এই চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। টুর্নামেন্টে হিঙ্গিস,শারাপোভা ছাড়া আরো অংশ নিচ্ছেন রাশিয়ার ইয়েলেনা দেমেন্তিয়েভা, সার্বিয়ার জেলেনা জানকোভিচ ও ইসরায়েলের শাহার পিয়ার।
