সিরিজ জিততে পারলেই খুশি থাকবেন হাবিবুল
বুধবার ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যাবার আগে দলের লক্ষ্য ও প্রস্তুতি সম্পর্কে অনেক কথা বলেছেন অধিনায়ক হাবিবুল বাশার। জানাচ্ছেন মাসুদ পারভেজ
মাসুদ পারভেজ
নায়াগ্রা ফলস দেখে মুগ্ধ হয়েছেন ঠিকই। তবে ভিক্টোরিয়া ফলসের অপার সৌন্দর্যেই হাবিবুল বাশার বিমোহিত হয়েছেন বেশি। এতটাই যে, মার্কিং করতে গিয়ে কানাডার নায়াগ্রাকে অনেক পেছনে ফেলে রাখছেন তিনি,“নায়াগ্রাকে যদি আমি ১০ দিই, তাহলে ভিক ফলসকে (ভিক্টোরিয়া ফলসের সংক্ষেপ) দেবো ৫০। কারণ, এর চারপাশে প্রকৃতি এবং তার বুনো গন্ধটা আছে। নায়াগ্রায় তা নেই।”
সেজন্য কোনো জিম্বাবুয়ে সফর এলেই বারবার বাংলাদেশ অধিনায়কের মন ভিক্টোরিয়া ফলসে ছূটে যেতে চায় । বুধবার সকালে দলবল নিয়ে আরেকটা সিরিজ খেলার জন্য রওনা হয়ে যাচ্ছেন হাবিবুল। এর আগের দিন সন্ধ্যায় তার ভিক্টোরিয়া ফলস নিয়ে মেতে থাকাটা তাই খুবই প্রাসঙ্গিক। ওই প্রাকৃতিক সৌন্দর্যের আধার যে জিম্বাবুয়েতেই। তবে গত বছরের জুলাই --- আগস্টের সফরের মতো এবারের চার ম্যাচ সিরিজের সময় মন টানলেও সেখানে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কেননা বুলাওয়েতে এবারও কোনো খেলা নেই। সবগুলো ম্যাচই হবে হারারেতে। সেখানে গত বছর হেরে আসা বাংলাদেশ অধিনায়কের মন তবুও অনন্ত আনন্দের হিল্লোল তুলবে, যদি মাঠের আনন্দটা উপভোগ্য করে তোলা যায় ,“ভিক ফলসে যেতে পারলে খুব ভালো হতো। কিন্তু সিরিজটা জিততে পারলেই আমি সবচেয়ে বেশি খুিশ হব।”
সেই খুশির ফোয়ারা বিশ্বকাপের আগে বাংলাদেশে এসে আছড়ে পড়বে, এমন ভাবনায় মগ্ন হয়ে থাকা হাবিবুলকে ভুলিয়ে দিচ্ছে আরেকবার ভিক ফলসে যেতে না পারার দুঃখ। কিন্তু গত নভেম্বর --- ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। তাই প্রশ্ন এসে যাচ্ছে, হাবিবুলের স্বপ্ন কেন আবারো প্রোসপার উতসেইয়াদের একই লজ্জায় ফেলা পর্যন্ত বি¯তৃত নয়? এবারো অবিচল তার কন্ঠ,“আমি ভাই সিরিজটা জিততে পারলেই খুশি।”
কারণ,নিজেদের মাটিতে জিম্বাবুইয়ানদের অন্য রূপ। এখনো সেই রহস্যটা উদ্ধার করা সম্ভব হয়নি বলে আগ বাড়িয়ে ‘চুনকাম’ এর কথা বলতে চাইছেন না হাবিবুল,“আমি ঠিক বুঝে উঠতে পারি না। দেশের মাটিতে কী করে যেন ওরা অন্যরকম দল হয়ে যায়। সেজন্য এই সিরিজটাকেও আমাদের চ্যালেঞ্জ হিসেবেই নিতে হচ্ছে। তাছাড়া আগেরবার আমরা সেখান থেকে হেরে এসেছিলাম। এবার জিতে আসতে পারলে আমাদের নিয়ে কারোরই আর কিছু বলার থাকবে না। তাই আমি হোয়াইটওয়াশের কথা এখনই ভাবতে চাই না। আগে তো সিরিজটা জিতি। তারপরে না হয় ভাবা যাবে।”
আগের সফরের শিক্ষাও কাজে লাগানোর ভাবনা আছে হাবিবুলের মাথায়। বলছেন, এবার তার দল প্রস্তুত হয়েই জিম্বাবুয়েতে যাচ্ছে। এই প্রস্তুতি তার দলের খেলোয়াড়দের খেলার মধ্যে থাকার অর্থে নয়। তার ভাষায় ,“আমার অধিনায়কত্ব কিন্তু শুরু হয়েছিল জিম্বাবুয়ে সফর দিয়েই। ২০০৪ সালের শুরুর দিকে। তখনো জিম্বাবুয়ে দলটা এত এলোমেলো হয়ে যায়নি। হিথ স্ট্রিকরা ছিল। এরপরে তো ২০০৫ সালে আমরা দেশে ওদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলাম। ওয়ানডে সিরিজও জিতলাম ৩ --- ২ এ। গত বছর ওখানে গিয়ে এই দলটারই অন্য রুপ আমরা দেখে এসেছি। তাই জিম্বাবুয়েতে কী পরিস্থিতির মুখোমুখি হতে পারি, সেটা এবার জেনেই যাচ্ছি আমরা। সেই অর্থে বলছি, এবার আমরা অনেকটা প্রস্তুত।”
ক্রিকেটাররা সবাই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই ছিলেন বলে প্রস্তুতির অন্য দিকটা নিয়েও খুশি থাকার কারণ আছে হাবিবুলের। কিন্তু এজন্যই আবার পুরো দলের একত্রে হয়ে ওঠা হয়নি। দলে একেবারে নতুন সদস্য আছেন তামিম ইকবাল। পাঁচ বছর পর দলে ফেরার কারণে মোহাম্মদ শরীফও এক অর্থে নতুনদের কাতারেই। তবু দেশ ছাড়ার আগে স্বল্প সময়ের মধ্যেই ‘টিউনড আপ’ হওয়ার চেষ্টা হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার রাতে সবাইকে নিয়ে গুলশানের ‘ লেক ক্যাসল’ রেষ্টুরেন্টে ডিনার করেছেন। বুধবার সকাল ১০ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে চড়বেন তারা। লম্বা বিমান ভ্রমন। ঢাকা থেকে দোহা ও জোহানেসবার্গ হয়ে তবেই পৌঁছাবে হারারেতে। এবার না হারার মন্ত্রটা অধিনায়ক এই সময়টায় সতীর্থদের কাছে আরো বেশি করে জপতে পারবেন তখন। আর সিরিজটা জিতে গেলে তো তার ভিক ফলসে না গেলেও চলবে!
