বড় অসময়ে হাসলো জাভেদের ব্যাট
জিম্বাবুয়ে সফরের দল নির্বাচনী সভায়ও অভিজ্ঞ হিসেবে তার নাম বিবেচনায় এসেছিল বলে জানিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে তার ব্যাটে রান নেই বলে জাভেদ ওমরের নাম উঠতে না উঠতেই বাদ। তাই রোববার নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে করা তার সেঞ্চুরিকে বড় অসময়ের জ্বলে ওঠা বলাই ভালো।
অধিনায়ক শাহরিয়ার নাফীসের হাফসেঞ্চুরির (৬৪) সঙ্গে আরো কিছু মাঝারি মানের ইনিংস যোগ হওয়ায় সিটি ক্লাব ২২৬ রান তুলেছিল। আর ওই রান টপকে বিমান লিগে তাদের চতুর্থ জয় পেয়েছে জাভেদের সেঞ্চুরিতেই। ১৩৪ বলে ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান করে ম্যান অব দি ম্যাচও হয়েছেন তিনিই।
বিকেএসপিতে ‘লো স্কোরিং’ ম্যাচে ব্রাদার্সকে ৬ উইকেটে হারিয়ে লিগে নিজেদের পঞ্চম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। আগে ব্যাট করা ব্রাদার্স অল আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। জয়ী দলের সবচেয়ে সফল বোলার মেহরাব হোসেন জুনিয়র (৩/১৬) পরে ব্যাট হাতেও ২৩ রান করায় হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তবে ডিওএইচএসের সর্বোচ্চ রান এসেছে এহসানুল হক সিজানের ব্যাট থেকে। তিনি ৪৫ রান করে অপরাজিত ছিলেন। এবারের লিগে এটি ব্রাদার্সের টানা সপ্তম পরাজয়।
