বি. লিগে রহমতগঞ্জের ভাগ্যলক্ষèী গরুর হাট !
ঢাকায় কোনো ক্লাবের নিজস্ব মাঠ থাকা ভাগ্যের ব্যাপার। ঢাকা আবাহনীর পর আরেক সৌভাগ্যবান রহমতগঞ্জ। কিন্তু খেলাধুলার বদলে গরুর হাট বসিয়ে তারা ভাগ্যলক্ষèী করে রেখেছে এই মাঠকে !
অথচ ক্লাবটি দেশে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ খেলতে নামছে। আর প্র্যাকটিসের জন্য নিজেদের মাঠ বাদ দিয়ে ভাড়া করা অন্য মাঠে ছুটতে হয় তাদের খেলোয়াড়দের। রোববার আসন্ন বি. লিগের ক্লাব পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে এসে রহমতগঞ্জের কর্মকর্তারা মাঠ নিয়ে এই বিস্ময়কর তথ্য জানিয়েছেন।
সদ্য দায়িত্ব নেওয়া ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জানিয়েছেন, “এই মাঠে গরুর হাট না বসিয়ে উপায় নেই। গরুর হাটের টাকা দিয়েই আমাদের ক্লাব চলে। এটাই আমাদের আয়ের উৎস।” বি. লিগের দল গড়তেও গরুর হাটের আয়ের টাকা খরচ হয়েছে। আর সে দল নিয়ে তারা ভালো কিছুই আশা করছে।
১৮ জন স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সেরেছে রহমতগঞ্জ। ১৮ জনের মধ্যে তারকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ফুটবল যৌবন পেরিয়ে যাওয়া মিজানুর রহমান ডন আর মিলনকে। দলে খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক ৫ লাখ টাকা, তবে ওই পরিমান টাকা কারা পাচ্ছেন তা গোপন রাখলেন কর্মকর্তারা। কোচ মোতালেব হোসেনের বিশ্বাস, “দলটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর ভারসাম্য আছে। বিদেশী ফুটবলারদের নেওয়ার পর শক্তি আরো বাড়বে। আমার বিশ্বাস পেশাদার লিগে এই দল আমাদের সাফল্য উপহার দেবে।”
কোচ আর কর্মকর্তাদের কথা -- বার্তার পর খেলোয়াড়রা রহমতগঞ্জের জার্সি উঁচিয়ে ফটোসেশন করেছেন পেশাদারী ভঙ্গিমায়।
