ফার্নান্দো গঞ্জালেসকেও সরাসরি সেটেই হারালেন রজার ফেদেরার
ফাইনালে উঠেছিলেন একটাও সেট না হেরে। সেই রেকর্ড অটুট রেখেই টুর্নামেন্ট শেষ করেছেন রজার ফেদেরার। রোববার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলস ফাইনালে চিলির ফার্নান্দো গঞ্জালেসকে ৭ --- ৬, ৬ --- ৪, ৬ --- ৪ গেমে হারিয়েছেন সুইস সুপারস্টার।
অবশ্য একবার সার্ভিস ব্রেক করে প্রথম সেট জেতার সম্ভাবনা জাগিয়েছিলেন গঞ্জালেস। পরে ফেদেরারও সার্ভিস ব্রেক করে ফিরে আসেন ম্যাচে। শেষ পর্যন্ত ওই সেটের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে আর কুলিয়ে উঠতে পারেননি চিলিয়ান দশম বাছাই।
পরের সেট দুটো হয়েছে অনেকটাই একতরফা। প্রথম সেট জিতে পাওয়া আত্মবিশ্বাস একেবারে অপ্রতিরোধ্য করে তোলে ফেদেরারকে। সুবাদে ক্যারিয়ারে দশম গ্র্যান্ড স্লাম একক জিতে ২৫ বছর বয়সেই অমরত্বের পথে আরেক পা এগুনো সহজ হয়ে যায় তার জন্য। অবশ্য তার একটা ফোরহ্যান্ড ফেরাতে গিয়ে ইনজুরিতে না পড়লে গঞ্জালেস হয়তো আরো শক্ত প্রতিরোধ গড়তে পারতেন।
