আসিফদের কাজ বেশি কঠিন করে দিলেন ব্যাটসম্যানরা
দক্ষিণ আফ্রিকাকে ১৮৩ রানে অল আউট করে সকালে বেশ ভালোভাবেই পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছিলেন বোলাররা। কিন্তু মোহাম্মদ আসিফ (৩/৫৩), দানিশ কানেরিয়া (৩/৪৪), মোহাম্মদ সামি (২/৪১) , শহীদ নাজিরদের (১/৩৭) গায়ের ঘাম শুকানোর আগেই তাদের আবার হতাশায় ডোবাতে থাকেন ব্যাটসম্যানরা।
বড় লিড নিয়ে কোথায় জয়ের আশা জাগাবেন, তা নয়, এবারও সবাই মিলে ব্যর্থতার ছবিই এঁকেছেন, পাকিস্তান অল আউট হয়ে গেছে ১৮৬ রানে। ম্যাচ জিতে সিরিজও জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ১৬১ রান। এ পর্যন্ত ২ উইকেটে ৩৬ রান করে ফেলেছে তারা।
শনিবার ৬ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শুরু করে দেড়শ’তেই অল আউট হতে চলেছিল দক্ষিণ আফ্রিকা। মার্ক বাউচার তা হতে দেননি। শেষ দিকে তার আগ্রাসী ব্যাটিংই প্রথম ইনিংসে ২৬ রানের লিড দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫ টি চার ও ২টি ছক্কাসহ ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন বাউচার।
প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রান করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ১৭ রানের মাথায় স্টেইন উদ্বোধনী জুটি ভেঙ্গে দেন মোহাম্মদ হাফিজকে অ্যাশওয়েল প্রিন্স -- এর ক্যাচ বানিয়ে। ওখানেই পথ হারিয়ে ফেলে পাকিস্তান। স্টেইন (৩/৪৭), হল (২/২৩), হ্যারিস (২/৩১), ক্যালিসরা (২/৩৬) চল্লিশও করতে দেননি কাউকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ইয়াসির হামিদ। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন বোলার মোহাম্মদ সামি (৩১)। ইনজামাম (২২), ইউনিস (০), ইউসুফরা (১৮) একেবারে ব্যর্থ। প্রোটিয়া বোলারদের বিপক্ষে এবার শহীদ নাজিরও (২৭) তাদের চেয়ে সফল।
