২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই বাজিমাত আইরিনের

এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে হার্ডহিটার ব্যাটসম্যান কে? এ প্রশ্ন রাখা হলে ক্রিকেট অনুরাগী মাত্রই উত্তরে তামিম ইকবালের নামটা বলে ফেলবেন। মেয়েদের ক্রিকেটে সেরকম কাউকে বাছার সময় এখনো হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

কেননা বাংলাদেশে প্রথম মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরুই হলো শনিবার থেকে। তবে মেয়েদের ক্রিকেটে সবচেয়ে হার্ডহিটারের স্বীকৃতি যে তারই জুটতে পারে, প্রথম দিনেই সে ইঙ্গিত দিয়ে রাখলেন খুলনার আইরিন সুলতানা। নবীন সংঘ মাঠে নারায়নগঞ্জ জেলার বিপক্ষে তার মাত্র ৭০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসেই তো নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রান তুলেছিল খুলনা। জবাবে নারায়নগঞ্জ মাত্র ৫৪ রানে অলআউট হওয়ায় ২৩৪ রানের বিশাল জয় দিয়েই শুরু করেছে তারা।

 এবং নিজের ধূমধাড়াক্কা ব্যাটিং দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় আইরিনের না হওয়ার কোনো কারণই ছিল না। একটু খুলে বললে পুরুষদের ক্ষেত্রে ‘ম্যান অফ দি ম্যাচ’ হলে আইরিন ‘ওম্যান অফ দি ম্যাচ’! তাহলে তো ‘ব্যাটসম্যান’ না হয়ে ‘ব্যাটসওম্যান’ হওয়া উচিত! কিন্তু আসলে যে কী হবে...!

সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়েছে টুর্নামেন্টের উদ্বোধন।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এম আব্দুল আজিজ উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন। সহ --- সভাপতি শাহ নুরুল কবীর শাহীন, সাধারন সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ওম্যান ক্রিকেট উইং --- এর সভাপতি ফাহিমা হোসেন জুবিলী, সহ --- সভাপতি আলেয়া ফেরদৌসি এবং সদস্য সচিব হামিদা বেগম উপস্থিত ছিলেন। এই মাঠে ঢাকা (১২১/৬) ৩৪ রানে হারিয়েছে আনসার ও ভিডিপিকে (৮৭/১০)। আর ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ভোলা জেলা (৯৮/২) ৮ উইকেটে জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৯৭/১০) বিপক্ষে।