উইকেট নিয়ে দুশ্চিন্তা , তবু আবাহনী - মোহামেডানের ভালো ম্যাচের প্রত্যাশা
অসুস্থ ছিলেন বলে আগের ম্যাচটাতে খেলেননি। শনিবার বিকেলেও দুর্বলতা কাটেনি বলেই জানাচ্ছিলেন হাবিবুল বাশার। তাই ঘরে বসে টিভিতে পাকিস্তান --- দক্ষিন আফ্রিকা টেস্ট উপভোগেই আশ্রয় খুঁজেছেন তিনি। নিজে ব্যাটসম্যান হলেও কেপ টাউনে বোলারদের দাপট নিয়ে উচ্ছ্বাসও শোনা গেল তার কথায়,“ টেস্টটা দেখছেন তো? এই উইকেটে ব্যাটসম্যানদের জন্য কিচ্ছু নেই। বোলাররা দারুন করছে।”
পরক্ষণেই যখন উঠল রোববারের কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডান --- আবাহনীর ‘বিগ ম্যাচ’ প্রসঙ্গ, তখন আবার দুশ্চিন্তা গ্রাস করল হাবিবুলকে। এবং তার দুশ্চিন্তার কারণ উইকেটই। কেননা খেলাটা হচ্ছে ‘ হোম অব ক্রিকেট’ নাম নিয়ে ফেলা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। যেখানে ব্যাট করতে নামার আগে বাস্তুহারাদের মতো উচ্ছেদ আতঙ্কে ভুগতে শুরু করেন ব্যাটসম্যানরা। সেখানে হওয়া এবারের প্রিমিয়ার ক্রিকেটের সবগুলো ম্যাচই হয়েছে লো স্কোরিং। শুধু তাই নয়, ব্যাটসম্যানরা বিস্তর অভিযোগও জানিয়ে আসছেন সেখানকার উইকেট নিয়ে। হাবিবুলের দল মোহামেডানও এই তো সেদিন বিমানের ১৫৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে এখন পর্যন্ত একমাত্র হারের স্বাদ নিয়েছে। লিগের একমাত্র অপরাজিত দল আবাহনীর বিপক্ষে সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে মিরপুরের উইকেট নিয়ে খেদটা মোহামেডান অধিনায়ক গোপনও করেননি,“মিরপুরের উইকেট তো অবশ্যই একটা দুশ্চিন্তা।”
আবাহনী অধিনায়ক খালেদ মাসুদের অবশ্য অতটা দুশ্চিন্তায় না ভোগার কারণ,“মিরপুরে আমরা একটাই ম্যাচ খেলেছি। সেই ম্যাচে ইন্দিরা রোডকে ১৩২ রানে অল আউট করে দিয়ে সহজেই জিতেছিলাম। বলতে চাইছি আমরা এখনো মিরপুরের উইকেটের ভুক্তভোগী নই। তবুও অভিযোগ তো কানে আসছেই।”
তবে আবাহনী কোচ আমিনুল ইসলাম কোনো রাখঢাক না করেই বলছেন,“এখন এটা সবারই জানা যে মিরপুরের উইকেটই সবচেয়ে বাজে। লোকজন তো আবাহনী --- মোহামেডান ম্যাচে রান দেখতেই আসবে। তাহলে এই ম্যাচটা সেখানে ফেলা হলো কেন?”
তাই এখন সান্ত্বনা খুঁজতে হচ্ছে এই কথা ভেবে, “উইকেট খারাপ হলে তা নিশ্চয়ই দুদলকেই সমান পাল্লায় মাপবে।”এজন্য হাবিবুল, মাসুদ ও আমিনুলদের কথাগুলো এসে গেঁথে যাচ্ছে এক সূতোয়,“উইকেট আমাদের জন্য খারাপ হলে ওদের ক্ষেত্রেও তাই হবে।”
এই কাটাকুটির মাঝ থেকেই জয়টা তুলে নেওয়ার ছক কাটছে দুদল। একে তো দুটো ঐতিহ্যবাহী দলের লড়াই তারওপর এ ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা আবাহনীকে হারাতে পারলে যৌথভাবে সেখানে যাওয়ার সুযোগ --- দুয়ে মিলে হাবিবুল বলতে পারছেন,“এটা সবদিক দিয়েই খুব বড় ম্যাচ।” এবং এতে নিজেদের সেরা খেলাটাই খেলার ইচ্ছে মোহামেডান অধিনায়কের,“একটা বাদে অন্য ম্যাচগুলো জিতলেও আমরা কিন্তু আমাদের সেরা খেলাটা এখনো খেলতে পারিনি। দেখবেন আবাহনীর বিপক্ষেই সেটা খেলে ফেলব।” নিশ্চিত হচ্ছেন এজন্য যে,“প্রতিপক্ষ আবাহনী, নিজেদের সেরাটা বের করে আনার জন্য এটাই তো যথেষ্ট।”
আবাহনী অবশ্য নিজেদের জয়ের চাকাকে সচল রাখার কথা ভাবছে অন্যভাবে। আমিনুল জানাচ্ছেন সেসব,“পাইলট (মাসুদ) এ ম্যাচেও উইকেট কিপিং করতে পারবে না। মাঝের বেশ কিছু ম্যাচে ওকে পাওয়াও যায়নি। ওর মতো ইনজুরির কারণে মাঞ্জারুল এবং নাজমুস সাদাতের সার্ভিসও হারাচ্ছি আমরা। ওদের ছাড়াই অপরাজিত থাকার ব্যাপারটা আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে।” মাসুদ, মাঞ্জারুলদের মিস করলেও একটা সুখবর আছে। পিঠের ইনজুরির জন্য সর্বশেষ ম্যাচে ব্যাট করলেও বিসিবির অনুরোধে বল করেননি মাশরাফি। এ ম্যাচে বলও করতে দেখা যাবে তাকে। সুতরাং বোলিং উইকেটে তার উপস্থিতি জয়ের ব্যাপারে আরেকটু আশাবাদী করবে আবাহনীকে।
উইকেট নিয়ে দুশ্চিন্তা থাকলেও দুদলের ভাবনাগুলো জড়ো হয়ে একটা ভালো ম্যাচের প্রত্যাশাতেই রাখছে সবাইকে।
