প্রথম দিনটা তারপরও দক্ষিণ আফ্রিাকার
যতটা আশঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকাকে ঠিক ততটুকু স্বস্তিকর অবস্থায় যেতে দেননি পাকিস্তানের বোলাররা। প্রথম দিন শেষে তাদের স্কোর ৫ উইকেটে ১৩১। যদিও পাকিস্তানের চেয়ে তারা মাত্র ১৬ রান পেছনে, তবু এরই মাঝে টপঅর্ডার ব্যাটসম্যানদের তো ফিরিয়ে দেওয়া গেছে। আসিফ (২/২০), সামি (১/৩৭), নাজির (১/৩৭) আর কানেরিয়া (১/২৯) একটু স্বস্তিবোধ করতেই পারেন!
এই স্বস্তিটুকু পাওয়ারও সুযোগ থাকত না দক্ষিণ আফ্রিকা সফরে এই প্রথম মোহাম্মদ ইউসুফ নিজেকে পুুরোপুরি ফিরে না পেলে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে গিয়ে প্রথম টেস্ট মিস করা এই ব্যাটসম্যান নিজেকে ফিরে পেয়েছেন এমন সময়ে যখন তাকে বড় বেশি দরকার ছিল দলের। কেপটাউনে ১৫৭ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান। এই ১৫৭ রানে ইউসুফ দিয়েছেন ৯০ বলে ১০ টি চার ও ১টি ছক্কায় সাজানো ৮৩। বুক চিতিয়ে ব্যাট করা একমাত্র পাকিস্তানী ব্যাটসম্যানের নামও তাই মোহাম্মদ ইউসুফ। নইলে মাখায়া এনটিনি (৪/৪৪) আর জ্যাক ক্যালিসের (৪/৪২) বোলিংয়ের সামনে বড় অসহায় মনে হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের।
সকালে টসে জিতে ব্যাট না করার সিদ্ধান্তের সুফল খুব তাড়াতাড়িই পেয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। বল হাতে রীতিমতো ঝড় তুলতে থাকেন বোলাররা। মধ্যাহ্ন বিরতির সময় স্কোর ছিল ৪ উইকেটে ৭০। ততক্ষণে মোহাম্মদ হাফিজ (১০), ইমরান ফারহাত (২০), ইয়াসির হামিদ (৭) ও ইউনিস খান (৮) আউট। বিরতির পর ইনজামামকে (৬) উইকেটের পেছনে মার্ক বাউচারের ক্যাচ বানান আন্দ্রে নেল। ৫ উইকেটে ৮১। ৯০ রানে কামরান আকমলও (০) স্টেইনের শিকার। সপ্তম উইকেট জুটিতে অবশ্য মহামূল্যবান ৬০টি রান পেয়েছে পাকিস্তান। সেখানে মোহাম্মদ সামি করেছেন মাত্র ৪ রান। বুঝতেই পারছেন তখন থেকেই কতটা রুদ্্র মূর্তি ছিল ইউসুফের। ওই জুটি ভাঙ্গার পর থেকে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে পাকিস্তানের ইনিংস। একেবারে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোহাম্মদ ইউসুফ।
দক্ষিণ আফ্রিকার সূচনাও ভালো হয়নি। স্কোর বোর্ডে কোনো রান লেখার আগেই ডিপেনারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন আসিফ। ২ রানে হাশিম আমলাকেও হারায় দক্ষিণ আফ্রিকা। বোলার আবারও আসিফ। এরপরও যে দক্ষিণ আফ্রিকা এতদূর এলো তার মূল কারণ গ্রায়েম স্মিথের ৬৪ রানের চমঃকার একটি ইনিংস। ক্যালিস (২৮) আর ডি ভিলিয়ার্স (১১) দলের জন্য বেশি কিছু করতে পারেননি।
