মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল পাকিস্তান
দক্ষিণ আফ্রিকা সফরে এই প্রথম নিজেকে পুুরোপুরি ফিরে পেয়েছেন মোহাম্মদ ইউসুফ। ফিরে পেয়েছেন এমন সময়ে যখন তার অবদান ছাড়া দলের স্কোর দেখে লজ্জায় মুখ লুকাতে চাইতেন সমর্থকরা।
কেপটাউনে ১৫৭ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান। এই ১৫৭ রানে ইউসুফ দিয়েছেন ৯০ বলে ১০ টি চার ও ১টি ছক্কায় সাজানো ৮৩। বুক চিতিয়ে ব্যাট করা একমাত্র পাকিস্তানী ব্যাটসম্যানের নামও তাই মোহাম্মদ ইউসুফ। নইলে মাখায়া এনটিনি (৪/৪৪) আর জ্যাক ক্যালিসের (৪/৪২) বোলিংয়ের সামনে বড় অসহায় মনে হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের।
সকালে টসে জিতে ব্যাট না করার সিদ্ধান্তের সুফল খুব তাড়াতাড়িই পেতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। বল হাতে রীতিমতো ঝড় তুলতে থাকেন বোলাররা। মধ্যাহ্ন বিরতির সময় স্কোর ছিল ৪ উইকেটে ৭০। ততক্ষণে মোহাম্মদ হাফিজ (১০), ইমরান ফারহাত (২০), ইয়াসির হামিদ (৭) ও ইউনিস খান (৮) আউট। বিরতির পর ইনজামামকে (৬) উইকেটের পেছনে মার্ক বাউচারের ক্যাচ বানান আন্দ্রে নেল। ৫ উইকেটে ৮১। ৯০ রানে কামরান আকমলও (০) স্টেইনের শিকার। সপ্তম উইকেট জুটিতে অবশ্য মহামূল্যবান ৬০টি রান পেয়েছে পাকিস্তান। সেখানে মোহাম্মদ সামি করেছেন মাত্র ৪ রান। বুঝতেই পারছেন তখন থেকেই কতটা রুদ্্র মূর্তি ছিল ইউসুফের। ওই জুটি ভাঙ্গার পর থেকে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে পাকিস্তানের ইনিংস। একেবারে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোহাম্মদ ইউসুফ।
দক্ষিণ আফ্রিকার সূচনাটাও খুব ভালো হয়নি। ১২ রান করতেই ১ উইকেট হারিয়েছে তারা।
