নিজের নামেই পরিচিতি চান তামিম ইকবাল
তখনো ঘরোয়া ক্রিকেটের দৃশ্যপটে আবির্ভাব ঘটেনি তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলগুলোর হয়ে সবে প্রতিনিধিত্ব করতে শুরু করেছেন। এবং তার ছোটানো রানের ফল্গুধারার কথাও শোনা যাচ্ছিল হরহামেশাই।
বড়ো ভাই নাফীস ইকবাল তখন বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। সেসময় তাদের চাচা আকরাম খানের মুখে প্রায়ই শোভা পেত এ কথাটা, “নাফীসের ছোটোটা আরো অনেক ভালো ব্যাটসম্যান।”
এবার সেই তামিমের প্রথমবারের মতো বাংলাদেশ দলে জায়গা পাওয়ার খবরের উচ্ছ্বাসের মাঝেও আকরাম অটল তার আগের কথাতেই, “আমি আগেও বলেছি। এখনও বলি।”
তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিমের অন্তর্ভূক্তিতে রীতিমতো গর্বিত আরেকটা কারণেও। “তামিমসহ আমাদের পরিবার থেকে জাতীয় দলে তিনজন হয়ে গেল। এতো বেশি বোধহয় আর কোনো পরিবার থেকে আসেনি।”
নাফীস দলে এসেছিলেন। ছিটকেও পড়েছেন এই ওপেনার। তার মতোই ওপেনার তামিম অবশ্য বড়ো ভাইয়ের প্রতি তার অনিঃশেষ কৃতজ্ঞতার কথা বলে শেষ করতে পারছেন না। “আপনারা বিশ্বাস করবেন না, বাবা মারা যাওয়ার পর ভাইয়াই আমাকে বাবার øেহটা দিয়েছেন। ক্রিকেট খেলে আমিও অল্প বিস্তর উপার্জন করি। কিন্তু সেই টাকা খরচ করতে দেন না। আমার পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু ভাইয়াই কিনে দেন।”
তার ভাইয়ার কারণেই তাদের পরিবারের জন্য শোকের মাস জানুয়ারিতে একটা আনন্দের উপলক্ষ এসেছিল। ‘শোকের মাস’, কারণ এই জানুয়ারিতেই বাবা ইকবাল খানকে হারিয়েছিলেন তামিম। ২০০৫ এর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে নাফীসের প্রথম টেস্ট সেঞ্চুরি শোকের মাঝেও আনন্দের বার্তা নিয়ে এসেছিল।
কাকতালীয়ভাবে পরিবারের ছোটো ছেলেটির জাতীয় দলে ঢোকার সুসংবাদটাও এলো সেই জানুয়ারিতেই। তামিমের কথাতেও আনন্দ আর বেদনার যুগলবন্দী। “হ্যা, এই মাসটাতে বাবার কথা মনে করে খারাপ লাগে। ভাইয়ার প্রথম টেস্ট সেঞ্চুরির পর একবার আমরা আনন্দও করেছিলাম। এবার একই মাসে আমিও জাতীয় দলে ঢুকলাম।”
এই অন্তর্র্ভূক্তির আশায় নিশ্চয়ই পথ চেয়ে বসেছিলেন? তামিম ভিন্ন কথাই বললেন, “সত্যি কথা বলতে কী আমি কখনোই ভাবিনি এবার জাতীয় দলে জায়গা হবে।” সঙ্গে এও যোগ করে দিচ্ছেন, “শুনতে পাচ্ছিলাম যে আমি জায়গা পেতে পারি। কিন্তু দল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছিলাম না।”
দিনটা উদযাপন করেছেন বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ৬০ রানের ইনিংসটা খেলে। চাচা আকরাম খান এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের কাছ থেকে প্রথম শুনেছেন দলে জায়গা পাওয়ার সুখবরটা।
এখন দেশের সবচেয়ে হার্ডহিটার ব্যাটসম্যানের আখ্যা পেয়ে যাওয়া তামিম সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটেও তার সহজাত খেলাটাই খেলতে চান। “আমি খুব ছোটোবেলা থেকেই খুব জোরে জোরে মারি। কাউকে দেখে কখনো এমনটা করতে শুরু করিনি। বাজে বল পেলেই মারি। আন্তর্জাতিক ক্রিকেটেও আমি আমার খেলার ধরনটা পাল্টাবো না।”
এবার প্রিমিয়ার ক্রিকেটে তার ১৮৮ রানের ইনিংসও আছে। যার মধ্যে ছিল ১২টি ছক্কার মারও। জানেন আন্তর্জাতিক ক্রিকেটে আক্রমণাতœক ব্যাটিংয়ের অনেক সুনাম। সেটাই পাওয়ার উদগ্র বাসনা তার মনে। “আমি কারো মতো হতে চাই না। সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটেও আক্রমণাতœক ব্যাটিং করে নিজের নামে পরিচিত হতে চাই।”
তার সঙ্গে দেশের সংবাদ মাধ্যমের প্রথম পরিচয় আকরামের মাধ্যমে। এরপর সেই পরিচয়ের ব্যাপ্তি দিয়ে এখন দেশে আক্রমনাতœক ব্যাটিংয়ের শেষ কথা বলে পরিচিত তামিম। তার ইচ্ছেপূরণ কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যও খুব দরকার।
