অবশেষে বিক্রি হলো পারমা
প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে পারমার। ইতালিয়ান সিরি’র এই ফুটবল ক্লাবটি অবশেষে একজন নতুন মালিক পেয়েছে।
ইতালি সরকারের অর্থনীতি উন্নয়ন বিষয়ক মন্ত্রীর তত্ত্বাবধানে ব্যবসায়ী টমাসো গিরার্দি কিনে নিয়েছেন ক্লাবটি।
লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, ৩১ বছর বয়সী গিরার্দি এজন্য খরচ করেছেন ৩ কোটি ইউরো ( ৩ কোটি ৯০ লাখ ডলার)।
দুবার উয়েফা কাপ ঘরে তোলা পারমা গত বছর তিনেক ধরেই অস্থায়ী ব্যবস্থাপনায় চলছিল। ২০০৩ সালের ডিসেম্বরে এর স্বত্ত্বাধিকারী কোম্পানি পারমালাত দেউলিয়া হয়ে যাওয়ার পর শুরু হয় এই দুর্দশা।
এর মাঝে বেশ কবার ক্লাবটি বিক্রির জন্য দরাদরিতে ওঠে। আগ্রহী ক্রেতাদের মধ্যে ছিলেন রিয়ার মাদ্রিদ চেয়ারম্যান লরেঞ্জো সাঞ্জও। গত মাসে ক্লাবের ব্যবস্থাপনায় পরিচালক রবার্তো ক্যাপেলি পারমাকে নিলামে তোলেন।
পারমার নতুন মালিক গিরার্দির আগে থেকেই একটি ক্লাব আছে। কার্পেনেদেলো নামের ক্লাবটি অবশ্য ইতালিয়ান চতুর্থ বিভাগে খেলে।
মালিকানা সমস্যার কারণে পারফরম্যান্সও অনেকদিন ধরেই তলানীতে পারমার। ইউরোপের সেরা প্রতিযোগিতায় লড়াইয়ের ধার তারা হারিয়েছে বহুদিন। গত তিন বছরে কোনোমতে টিকে আছে তারা সিরি’তে। এ মৌসুমে ২০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার নিচ থেকে তৃতীয় স্থানে আছে তারা।
