২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের সেই দুষ্ট রোগের কথা স্বীকার করেছে ফরাশগঞ্জও

আরামবাগের পর পাতানো খেলার কথা স্বীকার করলো ফরাশগঞ্জও। কিন্তু কী তার প্রতিষেধক কিংবা তা ঠেকানোর কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পাতানো খেলার বিতর্ক মাথায় নিয়ে ফরাশগঞ্জ পেশাদারীত্বের দুয়ারে দাঁড়িয়ে কোচ মীর ফারুক বলছেন, “গতবারের তুলনায় এবার স্থানীয় সংগ্রহ ভাল হয়েছে। যে দল হয়েছে তাতে পাঁচ--ছয় নম্বরে আমাদের থাকা উচিত। আশা করি তার নিচে নামবো না আমরা।”

বৃহস্পতিবার ‘বি’ লিগের সংবাদ সম্মেলনে একথা বলার সময় ফারুকের পাশে বসেছিলেন সাবেক জাতীয় ফুটবলার আবু ফয়সাল আহমেদ। হৃত গৌরবের অধিকারী এই তারকা যখন বিজ্ঞাপনের অংশ তখন প্রত্যাশার জায়গা পাঁচ--- ছয় নম্বরই বোধহয় ঠিক। কারণ বাকিরাও কেউ তেমন মাঠ কাঁপানে চেনা মুখ নয়।

ফরাশগঞ্জের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহামেদ দাবি করেছেন, তারা বিদেশী খেলোয়ার আনার জন্য দেশের বাইরে যোগাযোগ শুরু করেছেন। ইতোমধ্যে তাদের এক কর্মকর্তা কলকাতায় গিয়েও কয়েকজনের সঙ্গে কথা বলে এসেছেন। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। বিদেশী খেলোয়ারদের জন্য তারা মিডফিল্ডে দুটি ও ফরোয়র্ডে একটি জায়গা রেখেছেন।

সব মিলিয়ে তারা ‘বি’ লিগের জন্য ৮০ লাখ টাকা খরচ করবে। কিন্তু এত টাকা খরচ করবে, আবার পাতানো ম্যাচ খেলবে, এটা কেমন দেখায় ?

অভিযোগটা একরকম স্বীকার করে নিয়েই ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বলেছেন, “কেউ নিজের ইচ্ছেতে পাতানো ম্যাচ খেলে না। বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কাছে আমাদের নতি স্বীকার করতে হয় আমাদের। বিশেষ করে বড় দলগুলোর আধিপত্যের কারণেই এটা হয়।”

এই স্বীকারোক্তির সময় পাশে নির্বিকার বসে ছিলেন ‘বি’ লিগ কমিটির কো-- চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু। যেন তার কিছুই বলার নেই কিংবা করণীয় নেই। অথচ এই কমিটির হাতেই পেশাদার লিগের সুরক্ষা--কবচ !