২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ২৫ জানুয়ারিতেই দলে ফিরলেন শরীফ

সংবাদ সম্মেলনে ছিলেন না হাবিবুল বাশার। তবে জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল নিয়ে তার সন্তুষ্টির কথা আগেরদিনই জেনেছেন ফারুক আহমেদ। সেটাই বৃহস্পতিবার বিকেলে দল ঘোষণার পর প্রচারমাধ্যমকে জানালেন প্রধান নির্বাচক,“ক্যাপ্টেন তো এই টিম নিয়ে ভীষণ খুশি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি বোধহয় মোহাম্মদ শরীফ। ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই লড়েছেন এই পেসার। এবং তাতে উতরে এবার জাতীয় দলেও ফিরেছেন। তাও আবার ২৫ জানুয়ারি তারিখে! তারিখটার তাৎপর্যও আছে।

২০০২ সালের এদিনেই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শরীফ। ঠিক পাঁচ বছর পর আবারো বিশ্ব ক্রিকেটের চেনা প্রাঙ্গনেই ফিরলেন তিনি।

কয়েকটি ম্যাচে তৃতীয় পেসার হিসেবে খেলানো অলরাউন্ডার ফরহাদ রেজার জায়গাতেই শরীফ ঢুকেছেন বলে আভাস পাওয়া গেছে নির্বাচকদের কথায়। মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেনদের পাশে গতি ও কার্যকারিতায় পিছিয়ে বলে সমালোচিত ছিলেন ফরহাদ।

প্রধান নির্বাচক সেটা বলতে দ্বিধা করেননি, “ফরহাদ খারাপ করেনি। কিন্তু বোলিংয়ে যা চেয়েছি তা ওর কাছ থেকে পাইনি।”

পুরনো বল ব্যবহারে দক্ষতা এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও হাত পাকা থাকায় শরীফকে এবার উপেক্ষা করার সুযোগই ছিল না।

কানাঘুষো চলছিল বাহাতি পেসার সৈয়দ রাসেলকে নিয়েও। দল ঘোষণার পর দেখা যাচ্ছে, অনুমান মতোই তিনি বাদ। তার জায়গায় দলে ঢুকেছেন অভিজ্ঞ তাপস বৈশ্য।

নির্বাচকদের ইচ্ছানুযায়ী জিম্বাবুয়ে সফরে দলে চার পেসারের কোটা পূরণ হয়েছে তাকে দিয়েই। উদ্বিগ্ন হলেও প্রচারমাধ্যমের কল্যাণে তার জায়গাটা যে নড়বড়ে সেটা নিশ্চয়ই জেনেছিলেন রাসেল।

নির্বাচকরাও উদ্বিগ্ন ছিলেন ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও মেহরাব হোসেন রানখরার মধ্যে থাকায়। আশার কথা দুজনেই বৃহস্পতিবার প্রিমিয়ার ক্রিকেটে সেঞ্চুরি দিয়ে রানে ফিরেছেন।

কিন্তু বাড়তি একজন ওপেনার নেওয়ার চিন্তা দল নির্বাচনী সভায় অনুমোদন পেয়েছিল আগেরদিনই। এক্ষেত্রে অভিজ্ঞদের কথা ভাবা হলেও এবার ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্স আশাপ্রদ না হওয়ায় একেবারে আনকোরা কাউকে দেখার সম্ভাবনাই ছিল প্রবল। বিবেচনায় ছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী।

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তামিমকেই নির্বাচকরা বেছে নিয়েছেন। কেন? তার ব্যাখ্যাটা প্রধান নির্বাচক দিয়েছেন এভাবে, “তামিম এজ লেভেলে (বয়স ভিত্তিক) খুব ভালো খেলেছে। স্কটল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছিল। তাছাড়া উঠতিদের মধ্যে তামিম বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যান।”

আরেক সম্ভাবনাময় নাদীফ চৌধুরীকে অবশ্য ভবিষ্যতের জন্য তুলে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

“নাদীফ গত ৬ মাস দারুণ ক্রিকেট খেলেছে। কিন্তু ওকে তো আমরা হারাচ্ছি না।”

স্কটল্যান্ড সিরিজের দলে থাকা নাদীফ নাকি তুষার ইমরান --- এই আলোচনা শেষে মধ্যম সারির গভীরতা বাড়াতে তুষারকেই রেখেছেন নির্বাচকরা। আর ইনজুরির কারণে খালেদ মাসুদের না থাকাটা তো আগেরদিনই জানাজানি হয়ে গিয়েছিল।

ফারুক মানছেন, “উইকেট কিপিঙের দিক থেকে তো শক্তি কিছুটা অবশ্যই খর্ব হল আমাদের। মাসুদ এখনো দেশের এক নাম্বার। তবে আমি নিশ্চিত সুযোগ দিলে মুশফিকও ভালো করবে।”

জিম্বাবুয়ে থেকে ফেরার সাতদিনের মাথাতেই আবার বিশ্বকাপ খেলার জন্য রওনা দেবে বাংলাদেশ দল। তাই এটাই বিশ্বকাপের দল কিনা, সে প্রশ্নও উঠলো।

মাসুদ দলে থাকলে হয়তো তা বলে ফেলা যেত। কিন্তু ফারুক জানালেন, “এই ১৫জন ছাড়া বাদ পড়া তিন--চারজনও আছে। ওই ১৮/১৯ জনের মধ্য থেকেই আমরা বিশ্বকাপের দল গড়বো।”

১৫জনের বাংলাদেশ স্কোয়াড : হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মেহরাব হোসেন, শাহাদাত হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ শরীফ, তাপস বৈশ্য, আব্দুর রাজ্জাক ও তামিম ইকবাল।