মেহরাবে ম্লান শাহরিয়ার
তাদের রানখরা দুশ্চিন্তা বাড়াচ্ছিল সবার। পাঁচ ম্যাচে যথাক্রমে ৯৩ ও ৬০ রান করা শাহরিয়ার নাফীস এবং মেহরাব হোসেন জুনিয়র রানে ফিরলেন একই দিনে। এবং দুজনেই রানে ফিরলেন সেঞ্চুরি দিয়ে। সেটা বৃহস্পতিবার বিকেএসপিতে ডিওএইচএস --- সিটি ক্লাব ম্যাচে।
টসে হেরে আগে ব্যাট করতে নামা সিটি ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রান তোলে নাফীসের ১৩০ বলে ১৩২ রানের ইনিংসে ভর দিয়ে। যার মধ্যে ৯২ রানই এসেছে বাউন্ডারি থেকে (২৩ বাউন্ডারি)।
কিন্তু দিনের শেষে তার ইনিংসটা ম্লান হয়ে গেছে মেহরাবের সেঞ্চুরিতে। তার ১৩২ রানের ইনিংসে ভর করেই পাঁচ বল বাকী থাকতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ডিওএইচএস।
টানা দুই ম্যাচে হারার পর প্রথম জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
ওদিকে জিতেই চলেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অপরাজিত আবাহনী। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তারা ব্রাদার্সকে (১৬৮/১০) ৮ উইকেটের বড়ো ব্যবধানেই হারিয়েছে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে।
আর মিরপুরে লো স্কোরিং ম্যাচে কলাবাগানকে (১১৫/১০) ৬ উইকেটে হারিয়েছে বিমান (১১৬/৪)।
