আবারও বিফলে গেল চন্দরপলের ইনিংস
লারাবিহীন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভারতকে ৪৮.২ ওভারে মাত্র ১৮৯ রানে অল আউট করে দেওয়ায় মনে হচ্ছিল সিরিজে বুঝি সমতা ফিরবে। কিন্তু তা আর হলো না। আগের ম্যাচের মতো এবারও দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেছেন শিবনারায়ন চন্দরপল (৬৭)। এবং অন্যপ্রান্তে সেভাবে কারো সহায়তা না পাওয়ায় আবার বিফলে গেছে তার প্রয়াস। ৪৮.২ ওভারে জহীর খানের বলে তার বিদায়ের মাধ্যমেই ১৬৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তার মানে ২০ রানে এ ম্যাচ হেরে সিরিজেও তারা পিছিয়ে পড়ল ২ -- ০ তে।
দিন ÑÑ রাতের এ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গেই দেয়ালে পিঠ ঠেকতে শুরু করে ভারতের। সৌরভ (১৩), গম্ভীর (২), দ্রাবিড় (২২), টেন্ডুলকার (০) আউট হয়ে যান ১৫ ওভারের মধ্যে। তখন ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮। মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে রাহুল দ্রাবিড়ের দলকে এ অবস্থায় ঠেলে দিয়েছিলেন ড্যারেন পাওয়েল। ইনিংস শেষে তার বোলিং বিশ্লেষনটা দাঁড়ায় এরকম --- ১০ --- ২ --- ২৭ --- ৪!
মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারানোর পরও রুখে দাঁড়াতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। ধোনি (৬), যোগীন্দর শর্মা (১) আর হরভজনও (৬) উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেওয়ায় এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯০। সেখান থেকেও যে ভারত ১৮৯ পর্যন্ত গিয়েছে তার কৃতিত্ব দীনেশ কার্ত্তিক আর অজিত আগারকারের। তাদের অষ্টম উইকেট জুটিতে এসেছে ইনিংস সর্বোচ্চ ৬২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান আসে দীনেশ কার্ত্তিকের ব্যাট থেকে আর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হয়ে যান আগারকার।
ভারতকে প্রথম ব্রেক থ্রু ---ও এনে দেন আগারকার। নিজের এবং দলের পাশে ৫ রান লিখে তার বলে এলবিডব্লিউ হয়ে যান এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইল। দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই খেলছিলেন চন্দরপল এবং ডোয়াইন স্মিথ। কিন্তু ৪১ রানে স্মিথকে (১৫) রায়না রান আউট করে দিলে উইন্ডিজ ইনিংসও দিক হারাতে থাকে। ২ উইকেটে ৪১ থেকে স্কোর ৩ উইকেটে ৪২ হয়ে যায় স্যামুয়েলস (১) হরভজনের শিকার হলে। কটকের অসম বাউন্সের মন্থর উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় বোলাররা। চারটি চার আর একটি ছক্কায় ৩৩ বলে ৩১ রান করা ডোয়াইন ব্রাভোকে রমেশ পাওয়ার ফিরিয়ে দেওয়ার পর চন্দরপল ছাড়া আর কেউ চাপের মুখে রান করে যাওয়ার কাজটা করে যেতে পারেননি। ৪২ রানে ৩ উইকেট নিয়ে রমেশ পাওয়ারই ভারতের সবচেয়ে সফল বোলার। তবে শেষ দিকে ভারতকে জয় এনে দেওয়ার পেছনে খুব ভালো ভূমিকা রেখেছে টেন্ডুলকারের বোলিং। ব্যাটিং ব্যার্থতা ভুলিয়েছেন তিনি ২৫ রানে ২ উইকেট নিয়ে। এ ছাড়া জহীর খান (১/২৫), আগারকার (১/২৩) আর হরভজন (১/২৯) নিয়েছেন একটি করে উইকেট। ম্যান অব দি ম্যাচ হয়েছেন দীনেশ কার্ত্তিক।
