২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লারার অনুপস্থিতি ভুলিয়ে দিলেন বোলাররা

ব্রায়ান লারা খেলছেন না। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এটাই ছিল সবচেয়ে বড় খবর। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই লারাকে ভুলে গেছেন সবাই। লারাবিহীন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভারতকে যেভাবে নাকাল করেছে তাতে সেরকম হওয়াই স্বাভাবিক। ৪৮.২ ওভারে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে গেছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

টসে জিতে ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গেই দেয়ালে পিঠ ঠেকতে শুরু করে ভারতের। সৌরভ (১৩), গম্ভীর (২), দ্রাবিড় (২২),  টেন্ডুলকার (০) আউট হয়ে যান ১৫ ওভারের মধ্যে। তখন ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮। মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে রাহুল দ্রাবিড়ের দলকে এ অবস্থায় ঠেলে দিয়েছিলেন ড্যারেন পাওয়েল। ইনিংস শেষে তার বোলিং বিশ্লেষনটা দাঁড়ায় এরকম --- ১০ --- ২ --- ২৭ --- ৪!

মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারানোর পরও রুখে দাঁড়াতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। ধোনি (৬), যোগীন্দর শর্মা (১) আর হরভজনও (৬) উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেওয়ায় এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯০। সেখান থেকেও যে ভারত ১৮৯ পর্যন্ত গিয়েছে তার কৃতিত্ব দীনেশ কার্ত্তিক আর অজিত আগারকারের। তাদের অষ্টম উইকেট জুটিতে ইনিংস সর্বোচ্চ ৬২ রান পেয়েছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন দীনেশ কার্ত্তিক আর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হয়েছেন আগারকার।

বারাবতি স্টেডিয়ামের উইকেটে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও অবশ্য সুবিধের হয়নি। ১১ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ২৯।