২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েই রডিকের মুখোমুখি ফেদেরার

স্বদেশী বন্ধুর প্রতি ন্যূনতম দয়ামায়াও দেখাননি অ্যান্ডি রডিক। যুক্তরাষ্ট্রের এই ষষ্ঠ বাছাই মঙ্গলবার সেমি ফাইনালে উঠেছেন মার্ডি ফিশকে ৬ --- ২, ৬ --- ২, ৬ --- ২ গেমে উড়িয়ে। দারুণ খুশি হওয়ার মতো পারফরম্যান্স! কিন্তু রডিক খুশি হতে পারছেন কিনা কে জানে! সেমিফাইনালে তার দেখা হচ্ছে রজার ফেদেরারের সঙ্গে। ফেদেরার কোয়ার্টার ফাইনালে টমি রব্রেডোকে হারিয়েছেন ৬ --- ৩, ৭ --- ৬, ৭ --- ৫ গেমে। ফলে উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ টি মেজর টুর্নামেন্টের শেষ চারে ওঠা হয়ে গেছে তার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

 শুধু সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েই কি থামতে চাইবেন ফেদেরার? যাকে ভাবা হয় সর্বকালের সেরাদের একজন, তার ক্ষুধা এ জায়গায় ফুরিয়ে যাওয়ার কথা নয়। দুর্দান্ত ফর্মে থাকা রডিকের জন্য সেটাই বড় দুশ্চিন্তা। এর আগে ১৩ বারের  মোকাবেলায় মাত্র একবার ফেদেরারকে হারাতে পেরেছেন রডিক। এবারের সেমিফাইনাল তার জন্য আরেকটি দুঃস্বপ্নের ম্যাচ হবে না তো!

ওদিকে কোয়ার্টার ফাইনালেই দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিলেন সেরেনা  উইলিয়ামস। মেয়েদের কোয়ার্টার ফাইনালে ইসরায়েলের শাহার পিয়ারের কাছে পরাজয়ের দরজা দেখে এসেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। শেষ পর্যন্ত জিতেছেন ৩ --- ৬, ৬ --- ২, ৮ --- ৬  গেমে। সেমিফাইনালে সেরেনা খেলবেন দশম বাছাই ভাদিসোভার সঙ্গে। চেক প্রজাতন্ত্রের এই তরুনী লুসি সাফারোভাকে ৬ ---১, ৬ --- ৪ গেমে হারিয়ে দ্বিতীয় বারের মতো উঠেছেন কোনো গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে।