ভারত -- ওয়েস্টইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলো দেখাবে দূরদর্শন
নিম্বাসের সঙ্গে ঝামেলাটা আপাতত চুকে গেছে। আদালতের নির্দেশে ভারতের সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল দূরদর্শনকে ওয়েস্টইন্ডিজ --- ভারত সিরিজের বাকি ম্যাচগুলো এবং আসন্ন ভারত -- শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচটি সম্প্রচারের সুযোগ দিতে রাজি হয়েছে বেসরকারি সম্প্রচার সংস্থা নিম্বাস। তবে দূরদর্শন খেলা দেখানো শুরু করবে সাত মিনিট দেরিতে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বুধবার, কটকে। ম্যাচে দু দলেই কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। হাঁটুর ব্যথার জন্য এ ম্যাচ না --ও খেলতে পারেন উইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা। নাগপুরে মাত্র ১৪ রানে হেরে যাওয়া ম্যাচে আম্পায়ার সুরেশ শাস্ত্রীর সঙ্গে ধাক্কা খাওয়া ডোয়াইন ব্রাভো এখনো নাকি পুরোপুরি ধকল সামলে উঠতে পারেননি। সুতরাং তাকেও মাঠে না দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ভারতীয় দলেও দু’একটা পরিবর্তনকে অবধারিত মনে হয়েছে সংবাদ সম্মেলনে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের বলা কথা --- বার্তায়। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পাওয়া সুরেশ রায়নার জায়গায় আসতে পারেন অফস্পিনিং অলরাউন্ডার রমেশ পাওয়ার। এছাড়া পেসার শান্তা শ্রীশান্তকে বিশ্রাম দিতে খেলানো হতে পারে মিডিয়াম পেস অলরাউন্ডার যোগীন্দর শর্মাকে।
অবশ্য নাগপুরে সৌরভকে ফিল্ডিংয়ে না দেখে যারা দুশ্চিন্তায়, তাদের নিশ্চিন্ত করার খবরও জানিয়েছেন রাহুল দ্রাবিড়। খবরটা হলো, মঙ্গলবার বাঁ কনুইতে স্ট্র্যাপ বেঁধে নেট প্র্যাকটিস করলেও সৌরভের ফিটনেসে কোনো সমস্যা নেই। খেলছেন তিনি।
