আবাহনীর জয়রথে পিষ্ট ডিওএইচএসও
দিনতিনেক আগে তার এক নিকটাতœীয় মারা গেছেন। সোমবার ছিল কুলখানি। তাই এদিনেই ওল্ড ডিওএইচএসকে হারানোর আনন্দ সংক্ষিপ্ত করে শোকার্ত পরিবেশে ছুটতে হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলকে। নারায়নগঞ্জ থেকে ফেরার পথে আবাহনী কোচ তার দলের জয়রথের সচল চাকার কারিগরদের কাউকে কারো চেয়ে আলাদা করতে পারছিলেন না,“কাকে ছেড়ে কার কথা বলবো? ইট ওয়াজ এ টোটাল টিম এফোর্ট।” কাই
অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটে ধানমন্ডির ক্লাবটির সাফল্যের নেপথ্যের এই সূত্রটা সোমবারও ফতুল্লায় সামধান খুঁজে দিয়েছে তাদের। পঞ্চম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়নদের ৩৪ রানে হারিয়ে অপরাজিত দল হিসেবে এককভাবেই তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। পাঁচ ম্যাচে ডিওএইচএসের এটা দ্বিতীয় হার। মঙ্গলবার ভিক্টোরিয়াকে হারাতে পারলে আবাহনীর সঙ্গী হয়ে যাবে সোনারগাঁ ক্রিকেটার্সও। কিন্তু তাতে আবাহনীর সম্মিলিত পারফরম্যান্সের আলো ঔজ্জ্বল্য হারাবে না একটুও।
টসে হেরে আগে ব্যাট করতে নামা আবাহনী ৩৮ রানে ২ উইকেট হারালেও তাই তাদের দুশ্চিন্তায় পড়ার কিছূ ছিল না। কারণ, তাদের তো দাঁড়িয়ে যাওয়ার মতো অনেকেই আছেন। আগের কয়েকটা ম্যাচে দেখা ঘটনার পুনরাবৃত্তি হলো এই ম্যাচেও। যে কারণে নির্ধারিত ৫০ ওভার শেষে আবাহনীর ২৬২ রানে পৌঁছানোতে তাই আশ্চর্যের কিছু নেই। সেখানে পৌঁছানোর পথে যাত্রা শুরু তৃতীয় উইকেটে নাজিমউদ্দিন (৪০) ও অধিনায়ক তুষার ইমরানের ৮৪ রানের পার্টনারশিপে। এরপর পাকিস্তানি ক্রিকেটার ইমরান আব্বাসকে (৪২) সঙ্গে নিয়েও তুষার চতুর্থ উইকেটে যোগ করেছেন আরো ৬৭ রান। প্রতিপক্ষের শ্রীলংকান ক্রিকেটার হাশান্তা ফার্নান্ডোর বলে শর্ট থার্ডম্যানে রাজ্জাকের ক্যাচ হওয়ার আগে সেঞ্চুরির কথা না ভাবারও কোনো কারণ ছিল না আবাহনী অধিনায়কের। মেহরাব জুনিয়র ও রাজ্জাককে মারা দুটো ছক্কা ও পাঁচ বাউন্ডারিতে ৭৭ রান। কোচের কাছ থেকে সেটা বড় ইনিংসের মর্যাদাই পেয়েছে,“অসাধারণ ইনিংস। সকালের দিকে উইকেট ভেজা ছিল। তখন ব্যাট করতে নেমে দুটো ভালো পার্টনারশিপে নেতৃত্ব দেয়া সহজ ছিল না।” তুষারের বিদায়ের সময় আবাহনীর ১৮৯ রান। ‘স্লগ’ ওভারে এরপর যা করা দরকার, তাই করেছেন মাশরাফি (১৫ বলে ২৬) এবং সোহরাওয়ার্দী শুভ (১২ বলে ২৩)। শুভ তো এদিন মার খাওয়া বাঁহাতি স্পিনার রাজ্জাককে (১০ ওভারে ৬১ রান) লং অফ দিয়ে দুটো ছক্কাও হাঁকিয়েছেন। আবাহনীর ব্যাটসম্যানদের স্কোরগুলো নিশ্চয়ই ‘টোটাল টিম এফোর্ট’ বোঝাচ্ছে।
মাশরাফি ও শুভর মতো ঝড়ের ইঙ্গিত ছিল ডিওএইচএস ওপেনার তামিম ইকবালের ব্যাটিংয়েও। মাত্র ২৭ বলে ৬ বাউন্ডারিতে ৩১ রান তুলে ফেলা তামিমকে জিয়াউর রহমান বোল্ড না করলে আবাহনীর বিপদই ছিল। এর আগে প্রিমিয়ারে এখনো রানের দেখা না পাওয়া জাতীয় দলের ওপেনার মেহরাব জুনিয়রও (৮) জিয়ার বলে তুষারের ক্যাচ হয়েছেন। ৪১ রানে ২ উইকেট হারানোর পরও কিন্তু পথ হারায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় উইকেটে হাশান্তাকে (১৭) নিয়ে এহসানুল হক সিজানের ৭৭ রানের পার্টনারশিপ ভাঙ্গেন ম্যাচের ১৯ তম ওভারে প্রথম বল করতে আসা ম্যাচের সেরা বোলার, বাঁ -- হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ (১৯ রানে ৩ উইকেট)। কিন্তু তাতেও চিন্তার কিছু ছিল না। কেননা রানের পাগলা ঘোড়াই যেন ছোটাচ্ছিলেন এহসানুল। মাত্র ২৯ বলেই ফিফটিতে পৌঁছে যাওয়া এহসানুল এর পরের ওভারেই দ্বিতীয় স্পেলে ফেরা মাশরাফিকে পুল করতে গিয়ে ডাকেন সর্বনাশ। ৩৪ বলে ৫৭ রানের ইনিংস শেষ হওয়ার পরও অধিনায়ক আকরাম খান এবং নাদীফ চৌধুরীর ব্যাটিংয়ে যখন জয়ের স্বপ্ন জোরালো হচ্ছিল, তখনই আবার ছন্দপতন। তুষারের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ হন নাদীফ (৩৫)। তখন কাভারে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া আকরামকেই মনে হচ্ছিল ডিওএইচএসের আশা ভরসার প্রতীক। কিন্তু পরের ওভারেই খরুচে হয়েও শেষ বিচারে সফল পেসার শাহাজাদার (৩/৬৩) বলে তার গালিতে জহিরুলের ক্যাচ হওয়ার মধ্য দিয়েই অনেকটা শেষ বর্তমান চ্যাম্পিয়নদের আশাও।
আমিনুল কাউকে আলাদা করতে পারছিলেন না। কিন্তু ম্যাচ সেরার পুরস্কার তো সবাইকে দেওয়া যায় না। ‘ক্যাপ্টেন্স নক’ , একটি করে উইকেট ও ক্যাচ, সবমিলিয়ে এক্ষেত্রে তুষার ইমরানের প্রথম পছন্দ হওয়াটা খুব স্বাভাবিক।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ৫০ ওভারে ২৬২/৮ ( জহুরুল ১৮, কুন্তল ৭, নাজিমউদ্দিন ৪০, তুষার ৭৭, ইমরান আব্বাস ৪২, মাশরাফি ২৬, শুভ ২৩, অতিরিক্ত ২৪, শাহাদাত ২/৫৭, মাহমুদ ১/৩২, হাশান্তা ২/৩৯, রাজ্জাক ১/৬১, মেহরাব ১/২৯)
ডিওএইচএস : ৪৬ ওভারে ২২৮/১০ ( তামিম ৩১, মেহরাব ৮, হাশান্তা ১৭, এহসানুল ৫৭, আকরাম ২৮, নাদীফ ৩৫, মাহমুদ ১১, রাজ্জাক ২৪, অতিরিক্ত ১৬, মাশরাফি ১/২৪, জিয়াউর ২/৫১, শাহজাদা ৩/৬৩, সোহরাওয়ার্দী ৩/১৯, তুষার ১/২৪)
ফল : আবাহনী ৩৪ রানে জয়ী
ম্যান অব দি ম্যাচ : তুষার ইমরান (আবাহনী)
