আবার অল্পের জন্য পার পেয়ে গেল অস্ট্রেলিয়া
গত ম্যাচে তাদের বাগে পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু মাইকেল হাসির ব্যাটে ভর করে সেবার ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। রোববার বিশ্বচ্যাম্পিয়নদের পরাজয়ের আরো কাছে নিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু এবারো অ্যাস্টলের বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছিয়েই ফিরেছেন হাসি (৬৫*)। নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিফেন ফ্লেমিং। ৫ রানে প্রথম, ৭ রানে দ্বিতীয় --- এভাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। গ্লেন ম্যাকগ্রা (৩/২৪), স্টুয়ার্ট ক্লার্ক (৪/৫৪), ব্রেট লি (২/৪৩) আর নাথান ব্র্যাকেন (১/৩৩) --- এর মারাত্মক বোলিং ২১৮ রানে শেষ করে দেয় নিউজিল্যান্ডকে। দুটো মাত্র উল্লেখ করার মতো ব্যাপার ছিল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। ক্রেইগ ম্যাকমিলানের ৭ টি চার ও ৩ টি ছক্কার সহায়তায় ৮৭ বলে খেলা ৮৯ রানের ইনিংস আর অষ্টম উইকেটে তার আর জেমস ফ্র্যাঙ্কলিনের গড়া ৫৭ রানের পার্টনারশিপ। আর কোনো জুটিতে নিউজিল্যান্ড ৫০ রানও পায়নি।
ছোট্ট একটা স্কোর তাড়া করতে গিয়েও পঞ্চাশোর্ধ রানের দুটো জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। গিলক্রিস্ট, হেইডেন আর পন্টিংকে হারিয়ে ৩ উইকেটে ১৭ রানে পরিনত হওয়ার পর ক্লার্ক (৭৫) আর সাইমন্ডস (৩৯) ৭৭ রান পর্যন্ত নিয়ে যান অস্ট্রেলিয়াকে। তারপর সাইমন্ডসও ভেট্টোরির বলে বোল্ড হলে জয়ের হাতছানি দেখতে শুরু করে নিউজিল্যান্ড। ভেট্টোরি একবার হাসিকে রান আউট করার নিশ্চিত সুযোগ (বল হাত থেকে ছুটে যাওয়ায়) মিস না করলে হয়তো জিতেই যেতো ব্ল্যাক ক্যাপসরা। ওই মিসই শেষ পর্যন্ত ডুবিয়েছে তাদের। ওই সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়ে ফেলেন ক্লার্ক -- হাসি। ভেট্টোরি ক্লার্ককে আউট করে ম্যাসন (২/৪৬) আর গিলেস্পির (২/৩৪) মতো দু উইকেট পেয়েছেন ঠিকই , তবে ৮ বল হাতে রেখে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় পাওয়া থেকে রুখতে পারেননি অস্ট্রেলিয়াকে। ৭৫ রানের দুর্দান্ত ইনিংসটির জন্যে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাইকেল ক্লার্ক।
