বিমানকে মাটিতে নামালো সোনারগাঁ ক্রিকেটার্স
আগেরদিনই কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বসেছিল আবাহনী। শনিবার নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে বিমানকে ৯ রানে হারিয়ে তাদের সঙ্গী হয়ে গেছে গতবারের রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্সও।
আগের ম্যাচে বিমানের কাছেই হেরে পথ হারানো মোহামেডান অবশ্য এদিন পথে ফিরেছে। বিকেএসপিতে ওপেনার জুনায়েদ সিদ্দিকী এবং সাকিব আল হাসানের ফিফটি ভিক্টোরিয়ার বিপক্ষে তাদের ৫৭ রানের সহজ জয়ই এনে দিয়েছে। আর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নবাগত ইয়াং পেগাসাস ১০ রানে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
চতুর্থ রাউন্ড শেষে সবগুলো ম্যাচ জেতা আবাহনী এবং সোনারগাঁ ক্রিকেটার্স পুরো ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে আছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে একটি করে ম্যাচ হারা বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং মোহামেডান। ভিক্টোরিয়া, বিমান, কলাবাগান ও পেগাসাসের অবস্থান তৃতীয়। প্রত্যেকেই জিতেছে দুটো করে ম্যাচ। সিটি ক্লাব এবং পারটেক্স একটা করে ম্যাচ জিতলেও ব্রাদার্স ও ইন্দিরা রোড নিজেদের সবগুলো ম্যাচেই হেরেছে।
সোনারগাঁ --- মোহামেডান
টসে হেরে আগে ব্যাট করতে নামা সোনারগাঁকে ২৩৭ রানে পৌঁছে দেয় মূলত ওপেনার আল শাহরিয়ার এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ফিফটি দুটো। ওপেনিংয়ে মেহরাব হোসেন অপিকে (২৮) সঙ্গে নিয়ে শাহরিয়ার ৮৭ রানের দারুণ ভিত গড়ে দেন। এরপর চতুর্থ উইকেটেও শ্রীলংকান সামান জয়াথাকে (৩৩) নিয়ে আরেকটা বড় পার্টনারশিপ গড়েছেন অধিনায়ক নিজে । সেটা ৯৪ রানের। দুটো ছক্কা এবং ছয় বাউন্ডারিতে আশরাফুলের ৬৫ রানের ইনিংসটা মাত্র ৫৪ বলে খেলা। আর শাহরিয়ারের ৯০ বলে ৬০ রানের ইনিংসে বাইন্ডারির মার ছয়টি। মোশারফ হোসেন (৭০) এবং মুশফিকুর রহমানের (৬৮) ফিফটিতে ৩৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা অনেকটাই সামলে উঠেছিল বিমান। ২ উইকেট হাতে রেখে শেষ ৫ ওভারে তাদের দরকার ছিল ৪৩ রানের। কিন্তু করতে পেরেছে ২২৮ রান। দল হেরেছে। তাই বিমানের স্পিনার মুরাদ খানের ৫৪ রানে ৫ উইকেটের কীর্তি ম্লান হওয়া ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন আশরাফূল।
মোহামেডান --- ভিক্টোরিয়া
ওপেনার ইমতিয়াজ হোসেন (১৫), আফতাব আহমেদ (৮) ও ভারতীয় ক্রিকেটার সন্দ্বীপ শর্মারা (৮) দ্রুত ফিরে গেলেও মোহামেডান ২৮৩ রানের বড় স্কোরই দাঁড় করিয়ে ফেলে। কারণ চতুর্থ উইকেটে ৮৪ রান যোগ করার পাশাপাশি ওপেনার জুনায়েদ এবং সাকিব, দুজনেই খেলেছেন ঝড়ো ইনিংস। জুনায়েদের ১৫ বাউন্ডারিতে সাজানো ৮৭ রানের ইনিংসটা মাত্র ৭৯ বলে খেলা। আর পঞ্চম উইকেটে অধিনায়ক হাবিবুল বাশারের (৩৯) সঙ্গে ৬৬ রান যোগ করা সাকিব ৮১ রান করেছেন ৭৬ বলে। জবাবে ওপেনার ইমরুল কায়েস ম্যাচসর্বোচ্চ ৯৪ রান করলেও ভিক্টোরিয়ার ইনিংস ৪৬.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ২২৬ রানেই। তাপস বৈশ্য এবং আফতাব আহমেদ, দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। ম্যান অব দি ম্যাচ হয়েছেন মোহামেডান ওপেনার জুনায়েদ।
