ইন্দো--বাংলায় জাতীয় ফুটবল দল পাঠানো হবে না
জাতীয় ফুটবল দল নয়, একটা বয়সভিত্তিক দলকে অন্য কোনো নামে ইন্দো---বাংলা গেমসে পাঠাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে এখনো দল পাঠাবে কিনা, এ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কত টাকা দেবে তার ওপর নির্ভর করছে পুরো ব্যাপারটি। কারণ, টাকা না পেলে খেলোয়াড়দের বুট কেনাসহ আনুষঙ্গিক অন্যান্য খরচ তাদের পক্ষে বহন করা কঠিন। এটা বিওএ’র ওপর একধরনের চাপ, যেন টাকা দিতে রাজি হয়ে যায় তারা।
কিন্তু সব কিছুর পর পাঠালেও বাফুফে মূল জাতীয় দল পাঠাবে না। বয়সভিত্তিক দলকে নতুন কোনো নামে পাঠাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, “ জাতীয় দল পাঠানোর কোনো কারণই নেই। এটা তো ওরকম কোনো গেমস নয়, একটা রাজ্য ফুটবল দলের সঙ্গে কেন বাংলাদেশের জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে ? সেরকম করলে জাতীয় দলের মর্যাদা হানি হয়।”
স্পষ্টতই বাফুফে এই গেমসকে সেরকম গুরুত্বই দিচ্ছে না। কারণ, ওখানে প্রতিপক্ষ কোনো দেশ নয়, কেবল বাংলাভাষাভাষিদের একটি রাজ্য।
